বিজেপি বিধায়কের দল ছাড়ার দিনে তৃণমূলেও ভাঙন, ভোটের মুখে পদত্যাগ যুবনেতার
বিজেপি বিধায়কের দল ছাড়ার দিনে তৃণমূলেও ভাঙন, ভোটের মুখে পদত্যাগ যুবনেতার
এক মাস পরেই ভোট। তার আগে তৃণমূলে শুরু গোষ্ঠীদ্বন্দ্ব। দলের সেই গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়েই পৌঁছল যে ভোটের আগে শাসকদলে ভাঙন ধরে গেল। দলের প্রতি ক্ষোভ উগরে তৃণমূল ছাড়লেন তুফানগঞ্জের যুব নেতা। যুব নেতার দলত্যাগে কোন্দল ফেরে সামনে চলে এল। ভোটে এই ঘটনায় কোনও প্রভাব পড়বে না বলে দাবি তৃণমূলের। বিজেপির দাবি, তৃণমূল শেষ হবে গোষ্ঠীদ্বন্দ্বেই।

ভোটের মুখে পদত্যাগ যুব নেতার
নির্বাচন কমিশন বাকি চার কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে সম্প্রতি। ৩০ অক্টোবর কোচবিহারের দিনহাটা-সহ চার কেন্দ্রে উপনির্বাচন। তার আগে দলের কোন্দল ও যুব নেতার পদত্যাগে চাপে পড়ে গেল তৃণমূল। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছাড়লেন দু-নম্বর ব্লকের যুব সাধারণ সম্পাদক ধনো বর্মন।

বিজেপি মতো তৃণমূলেও ভাঙন-চিত্র
দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছিলেন ধনো। এবার তিনি জেলা নেতৃত্বকে তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের যুব সভাপতি মানিক বর্মনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি ছাড়লেন তৃণমূল। উত্তর দিনাজপুরে যখন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়লেন, তখনই কোচবিহার জেলা তৃণমূলেও দেখা গেল প্রায় একই চিত্র।

গোষ্ঠীবাজি ও দুর্নীতির প্রতিবাদ দলত্যাগ
তৃণমূল-ত্যাগী নেতা ধনো বর্মনের অভিযোগ, তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের যুব সভাপতি মানিক বর্মন নিজে সমান্তরাল দল চালাচ্ছেন। নিজের একটা গোষ্ঠী তৈরি করে নিয়েছেন। তাছাড়া তিনি নানারকম দুর্নীতির সঙ্গে জড়িয়। দলকে বলেও দল এ ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি। ফলে অনেক নিরীহ তৃণমূল কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হতে হচ্ছে। এই গোষ্ঠীবাজি ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমি দল ছাড়লাম।

অঞ্চল কমিটি রদবদলের জেরে গোষ্ঠীবাজি
কোচবিহার জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি বিভিন্ন অঞ্চল কমিটিতে রদবদল হওয়ার কথা। শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনেই নতুন কমিটি তৈরি হবে। কোচবিহার যুব তৃণমূলের সভাপতি কমলেশ অধিকারী বলেন, দল আমাকে রাজ্য থেকে দায়িত্ব দিয়েছে বিভিন্ন অঞ্চলে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করার। সেই কমিটি তৈরি হচ্ছে, সেখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও স্থান নেই।

তৃণমূল যুবনেতার পদত্যাগে জল্পনা তুঙ্গে
তৃণমূলের কোন্দলের জেরে ভাঙন শুরু হতেই কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পঙ্কজ বুচ্চা বলেন, তৃণমূল মূল আদর্শ হল গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া তৃণমূল টিকতে পারে না। আর ওই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তারা একদিন শেষ হয়ে যাবে। উল্লেখ্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তুফানগঞ্জের দেওচড়াই উত্তপ্ত হয়ে ওঠে। মৃত্যু হয় এক তৃণমূলকর্মীর। তারপরই নেতার পদত্যাগে জল্পনা তুঙ্গে।












Click it and Unblock the Notifications