বিজেপিতে বড় ভাঙন মালদহে, পঞ্চায়েত নির্বাচনের আগে শক্তিবৃদ্ধি তৃণমুল কংগ্রেসের
বিজেপিতে আবার ভাঙন ধরল। দলত্যাগী বিজেপি নেতা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। উত্তর মালদহ সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক সৌমিত্র রায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দলত্যাগ করেছিলেন জানুয়ারি মাসে। তিনিই দলবল নিয়ে যোগদান করলেন তৃণমূলে।

তৃণমূল কংগ্রেসে ঘরওয়াপসি
বিজেপি ছাড়ার পর দলত্যাগী সৌমিত্র রায় স্পষ্ট করেননি তিনি অন্য কোনো দলে যোগ দেবেন কি না! কিন্তু তিনমাস কাটতে না কাটতেই তিনি রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন। সৌমিত্র রায় তৃণমূলে যোগদান করায় আরও শক্তিশালী হল বলে প্রতিক্রিয়া সাবিনা ইয়াসমিনের।

বিজেপি ছেড়ে দলবদলু আখ্যা
তৃণমূল ছেড়ে দলবদলে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। আবার তিনি বিজেপি ছেড়ে ফিরলেন তৃণমূলে। তাঁর তৃণমূলে যোগদানকে কটাক্ষ করে বিজেপি তাঁকে দলবদলু কটাক্ষ করলেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে কলকাতায় বিজেপিতে যোগদান করেন সৌমিত্র রায়।

শুভেন্দু অধিকারীর সভার দিন দলত্যাগ
বিজেপিতে যোগদান করার পর তাঁকে উত্তর মালদহ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয় তাকে। তাঁকে পঞ্চায়েত নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তারপরই ৩ জানুয়ারি মালদহের গাজলে শুভেন্দু অধিকারীর সভার দিন দলত্যাগ করেন তিনি।

তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন, জল্পনা
তাঁর দলত্যাগের পর থেকেই তৃণমূল কংগ্রেসে ফিরতে পারেন সৌমিত্র রায়, সেই জল্পনা চলছিল। এরই মধ্যে রবিবার মালদহ জেলা তৃণমূল কার্যালয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন দলীয় পতাকা তুলে দেন তাঁর হাতে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি ও জেলা তৃণমূল নেতৃত্ব।

পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরলেন
তৃণমূলে যোগদান করে ফের একবার শুভেন্দু অধিকারীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি। সৌমিত্র রায় বলেন, রাজ্যের বিরোধী দলনেতা মেরুকরণের রাজনীতি করছেন। বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিতে চাইছেন। সেই কারণেই তিনি বিজেপিত্যাগ করেছিলেন। রাজ্যের উন্নয়নের স্বার্থে তিনি পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরলেন।

তৃণমূলে যোগদান করায় দল লাভবান
উত্তরবঙ্গ উন্নয়ন দফরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী ভুল বুঝিয়ে কিছু মানুষকে বিজেপিতে নিয়ে গিয়েছিলেন। অনেকেই ভুল বুঝতে পেরে ফিরে আসছেন। সৌমিত্র রায়ের মতো নেতারা তৃণমূলে যোগদান করায় দল লাভবান হবে বলে তিনি মনে করেন।

কবে কংগ্রেসে ফেরেন সেই অপেক্ষায় থাকলাম
যদিও সৌমিত্র রায়ের তৃণমূলে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। উত্তর মালদহ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, ওনার রাজনৈতিক পরিপক্কতা নেই। উনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস, আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। পুনরায় তিনি তৃণমূলে ফিরে গেছেন। কবে তিনি তার পুরনো দল কংগ্রেসে ফেরেন সেই অপেক্ষায় থাকলাম।












Click it and Unblock the Notifications