যাবেন না পার্টি অফিসে, এমন কী কোনও কর্মসূচিতেও নয়! দুর্নীতি নিয়ে বিস্ফোরক তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য
দল এখন দুর্নীতিগ্রস্তদের নিয়েই। যতদিন না দুর্নীতিবাজদের দল থেকে বের করা হচ্ছে, ততদিন তিনি আলিপুরদুয়ারের পার্টি অফিস সহ দলীয় কোনও অনুষ্ঠানেই যাবেন না। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরবঙ্গের বর্ষীয়ান তৃণমূল নেতা জহর মজুমদার।
মঙ্গলবার কোচবিহারে অভিষের বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নব জোয়ার কর্মসূচি শুরু হচ্ছে। সেই কর্মসূচিতেও তিনি যোগ দেবেন না বলে জানিয়েছেন বর্ষীয়ান ওই নেতা। আলিপুরদুয়ারে সাংবাদিক সম্মেলন করে তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের অবস্থান সম্পর্কে বার্তা দিলেন বলেও জানান।

তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তথা একসময়ের রাজ্য সহ-সভাপতি জহর মজুমদার সোমবার এক সাংবাদিক বৈঠক ডেকে, দলের একশ্রেণীর নেতাদের নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন । তিনি অভিযোগ করেন দলের নব্বই শতাংশ নেতাই দুর্নীতিগ্রস্ত। সাধারণ মানুষের টাকা একের পর এক নয় ছয় করেছে।
বর্ষীয়ান তৃণমূল নেতা আরও বলেন, এই অবস্থায় দলকে কোনভাবেই উদ্ধার করা সম্ভব নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলের পরিবর্তনের কথা বলেছেন,অবিলম্বে এই দুর্নীতিগ্রস্থদের দল থেকে না সরালে তা বাস্তবায়িত হবে না বলেও জানান তিনি।
জহর মজুমদার প্রশ্ন করেন, সাধারণ একজন নেতা কর্মী কীভাবে তিনতলা বাড়ি তৈরি করেন? তিনি বলেন, মানুষ কিন্তু কোনওভাবেই তা সহ্য করবেন না। উন্নয়নের জন্য, ১০০ দিনের কাজের জন্য যে টাকা আসছে, সব কিছুই বাঁটোয়ারা হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ওই বর্ষীয়ান নেতা।
তিনি অভিযোগ করেছেন, নেতারা কোটি কোটি টাকা খেয়ে নিচ্ছেন আর সাধারণ মানুষ কিছুই পাচ্ছেন না। জহর মজুমদার সাংবাদিকদের অনুরোধ করেন, আলিপুরদুয়ার জেলায় ভুয়ো জব কার্ড কত রয়েছে, তা একবার যেন তাঁরা খতিয়ে দেখেন।

বর্ষীয়ান নেতা বলেন, নির্বাচনে টিকিট না পেয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে আন্দোলন করেন যাঁরা, ভয়ে তাঁদেরকেই মনোনয়ন দেওয়া হয় বলে মন্তব্য করেছেন ওই নেতা। তিনি আরও বলেছেন, দলের যা পরিস্থিতি, তাতে তারা বাঁচতে পারবে না, উঠেও দাঁড়াতে পারবে না।
সাধারণ মানুষ দুর্নীতিগ্রস্তদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলেও মন্তব্য করেছেন জহর মজুমদার। এব্যাপারে তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইককে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করেননি।












Click it and Unblock the Notifications