বিজেপির বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠল উত্তরবঙ্গ, ব্যাপক সাড়া তৃণমূলের মহামিছিলে
বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে। পঞ্চায়েত ভোটের আগে পরিকল্পিতভাবে বিভাজনের বার্তা দিয়ে চলেছে। বিজেপির সেই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল।
বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে। পঞ্চায়েত ভোটের আগে পরিকল্পিতভাবে বিভাজনের বার্তা দিয়ে চলেছে। বিজেপির সেই চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল। শিলিগুড়িতে মহামিছিল করে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল, বিজেপির এই চক্রান্তের জাল কেটে বাংলাকে তাঁরা ঐক্যবদ্ধ রাখবেনই।

বুধবার তৃণমূলের মহামিছিলটি শহরের মাল্লাগুড়ি থেকে শুরু হয়ে হিলকার্ট রোড ধরে হাসমিচকে এসে শেষ হয়। মিছিল শেষে হাসমি চকে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এদিনের এই প্রতিবাদ মিছিলে অংশ নেন পাপিয়া ঘোষ, উদায়ন গুহ, সৌরভ চক্রবর্তী, যুব নেতা দেবাংশু ভট্টাচার্য-সহ উত্তরবঙ্গের একাধিক তৃণমূল নেতা-নেত্রী। প্রধান বক্তা হিসেবে জনসভায় উপস্থিত হন রাজ্য তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী সায়নী ঘোষ।
এদিনের এই জনসভার মধ্য দিয়ে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন রাজ্যের শাসক দলের নেতা ও নেত্রীরা। তৃণমূল যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এি মর্মে এক হাত নেন নিশীথ প্রামাণিক, জন বার্লা ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকেও। আর সায়নী ঘোষ সোজাসুজি কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তোপ দাগেন।
বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সুর চড়ান উদয়ন গুহ।
উদয়ন গুহ বলেন, নিশীথ প্রামাণিক ও জন বার্লা-সহ বিজেপি নেতাদের মদতে বাংলাকে ভাগ করার বার্তা গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, এটা বাংলার লজ্জা। দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবি করে বসেন তিনি। তিনি বলেন, বারবার করে কেউ কেউ আলাদা রাজ্যের দাবি তোলার চেষ্টা করছে। মানুষকে বিভ্রান্ত করে বোঝানোর চেষ্টা হচ্ছে উত্তরবঙ্গ বঞ্চিত।
বিজেপি নেতারা উন্নয়ন দেখতে পাচ্ছেন না। প্রথমে মনে হয়েছিল চোখে ছানি পড়েছে। তবে তা নয়, প্রতি রাতে ওঁদের চোখে হার্পিকের ড্রপ দিলেই ওঁরা উন্নয়ন দেখতে পাবেন। পাপিয়া ঘোষ বলেন, বিভেদের রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলা ভাগের চক্রান্ত প্রতিটি মানুষকে উত্তপ্ত করছে। আমাদের একটাই বাংলা পশ্চিমবাংলা। পশ্চিমবাংলাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা লড়াই চালিয়ে যাবো। আমরা প্রতিবাদ করে যাবে। যে বাংলাকে ভাগের কথা বলবে, তাদের কালো হাত গুঁড়িয়ে দেওয়া হবে।
এদিন চারটি জেলা নেতৃত্ব মিলে একযোগে শিলিগুড়িতে মহামিছিল করে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার পাহাড় ও সমতল মিলে মিছিল সংঘটিত হয়। এদিনের মিছিল থেকে বিজেপির চক্রান্ত রুখে ঐক্যের বার্তা দেওয়া হয়। কোনও বিভেদ বা বিভাজনকে প্রশ্রয় দেওয়া হবে না বলে আওয়াজ ওঠে।












Click it and Unblock the Notifications