মুচলেকা দিলেন বামনগোলার বিডিও, তিন মাসের মধ্যে রাস্তার কাজ শুরু হবে
বেহাল রাস্তায় অ্যাম্বুল্যান্স ঢুকতে পারেনি। খাটিয়ায় করে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। মারা যায় ওই তরুণী। এমন বেহাল রাস্তার কেন? নিন্দা ও প্রশ্নের ঝড় উঠেছিল শিক্ষিত মহলে। শনিবার এলাকার বিডিও মুচলেকা দিলেন। তিন মাসের মধ্যে রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে।
মালদার ঘটনার ভিডিও ভাইরাল হয়েছিল। নিন্দার ঝড় ওঠে শিক্ষিত মহলে। কেন রাস্তা তৈরি হয়নি? রাজ্য সরকার কী করছে? সেই প্রশ্ন উঠেছিল। শনিবার সকাল থেকেই তোলপাড় হয় রাজ্য রাজনীতি। স্থানীয় বাসিন্দারা নালাগোলা রাজ্য সড়কের কলোনি এলাকা অবরোধ করে। দীর্ঘ সময় ধরে চলে এই অবরোধ।

বামনগোলা এলাকার বিডিও রাজু কুণ্ডু এলাকায় যান। তিনি মুচলেকা দিয়েছেন রাস্তার কাজ শুরু হবে। তিনি লিখেছেন, গঙ্গাপ্রসাদ কলোনি থেকে মালডাঙা গ্রাম পর্যন্ত ওই রাস্তা আগামী তিন মাসের মধ্যে সংস্কারের কাজ হবে। জানা গিয়েছে,ওই রাস্তা ৫ কিলোমিটার লম্বা। এজন্য ২ কোটি টাকা খরচ হবে। এমনও জানা গিয়েছে।
জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্স কেন কোনও গাড়িই গ্রামের ভিতর ঢুকতে রাজি নয়। গ্রামবাসীদের ওই রাস্তা হেঁটেই যাতায়াত করতে হয়৷ রোগীদের হাসপাতাল নিয়ে যেতে খাটিয়াই ভরসা। প্রতিশ্রুতি এর আগে অনেকবার পাওয়া গিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু এবার তো মুচলেকা দেওয়া হল। এবার কি রাস্তা পাওয়া যাবে?
এই নিয়েও রাজ্য রাজনীতিতে চাপানউতোড় শুরু হয়েছে। তৃণমূল ও বিজেপি বাকযুদ্ধে নেমে পড়েছেন এলাকায়। ওই এলাকার সাংসদ বিজেপির। কেন সাংসদ এই বিষয়ে অবগত নয়? এই প্রশ্ন তৃণমূল করেছে। অন্যদিকে তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি করেছেন।
তরুণীর মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেছেন তিনি। 'খারাপ ভাগ্যের' জন্য ওই তরুণী মারা গিয়েছেন। খারাপ রাস্তার জন্য মারা যাননি ওই তরুণী। এমনই বেফাঁস কথা বলে ফেলেছেন মন্ত্রী। তিনি বলেন, " একশো জনের মধ্যে একজনের অবস্থা যদি খারাপ হয়, তাহলে ৯৯ টাকে খারাপ বলব কেন? "
এরপরেই ওই তরুণীর মৃত্যু সম্পর্কে বলেন, "ভাগ্যে মৃত্যু ছিল। রাস্তার জন্য তার মৃত্যু হয়নি।" রাজ্যের একজন মন্ত্রী কীভাবে এমন কথা বলতে পারেন? এই প্রশ্ন উঠেছে। তৃণমূল এই বিষয়ে তেমন কোনও কথা বলছে না। তবে বিজেপির তরফ থেকে নিন্দার ঝড় উঠেছে।












Click it and Unblock the Notifications