আগামী সপ্তাহেই রাজনৈতিক বিস্ফোরণ! শুভেন্দুর দাবিতে চাঞ্চল্য, মমতাকে বিঁধে অপরাধও স্বীকার
Lok Sabha Election 2024: আগামী সপ্তাহেই বিস্ফোরণ। রাজনৈতিক বিস্ফোরণ। মালদহে আজ শুভেন্দু অধিকারীর মন্তব্যে আলোড়ন পড়ে গেল রাজ্য-রাজনীতিতে।
২৬ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের সপ্তাহেই বড়সড় রাজনৈতিক পদক্ষেপের আভাস? শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে জল্পনা।

শুভেন্দু এদিন বলেন, আমি কোর্ট নিয়ে কিছু বলব না। তবে রাজনৈতিক বিস্ফোরণ হবে। এরপরই শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের সঙ্গে কল রেকর্ডিংয়ের স্বর মেলার বিষয়ে। শুভেন্দুর জবাব, আগেও বলেছি, ভাইপো বিপদে পড়বে।
দূরদর্শনের লোগোর রং বদল হয়েছে। প্রসার ভারতী লোগোর রং কমলা বলে দাবি করলেও তৃণমূল কংগ্রেস-সহ অনেক রাজনৈতিক দলই দাবি করছে এটা গেরুয়া। মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে দাবি করেছেন, নির্বাচনের সময় এভাবে গৈরিকীকরণ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের সামিল।
শুভেন্দু এই প্রেক্ষিতে বলেন, গেরুয়ায় খারাপ কী? ওঁর এত রাগ কেন? হিন্দুদের দাঙ্গাবাজ বলেন কেন? উনি জালি হিন্দু, উনিই বড় দাঙ্গাবাজ। মুসলিমদের উনি চাকরি দেননি, শিক্ষা দেননি। মালদহ, মুর্শিদাবাদের বেশিরভাগ মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি রাজ্যে কাজ করেন। কারও লাশ এলে উনি ফিরহাদ হাকিম, সাবিনা ইয়ামিনদের পাঠিয়ে ২ লক্ষ করে টাকা দেন।
শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ৫ মে অবধি মালদহে পড়ে থেকে পাড়ায় পাড়ায় ঘুরলেও খগেন মুর্মুর ১ লক্ষ বেশি ভোটে জয় আটকাতে পারবেন না। মালদহ উত্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জালি আইপিএস বলে কটাক্ষ করে শুভেন্দু বলেন, উনি বালুরঘাটে অনেক পিঠে খেয়েছেন।
রাজ্যের বিরোধী দলনেতা আজ বলেন, মালদহ উত্তরে তৃণমূল কংগ্রেস থার্ড হবে। মালদহ দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জামানত জব্দ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার দার্জিলিংয়ে উঠতে পারেননি। ওখানকার মানুষ ওঁকে ঘৃণা করেন। মালদহ, মুর্শিদাবাদের লোকও ওঁকে ঘৃণা করেন, তাই সভায় লোক হয় না।
এরপরই শুভেন্দু নিজেকে অপরাধী বলেও স্বীকার করে নেন। তাঁর কথায়, আমি নিজেকে অপরাধী বলে মনে করি। কেন না, মালদহে শুধু পদ্ম আর হাত ছিল। তৃণমূল ছিল না। আমি জোর করে ঘুরে ঘুরে চেষ্টা চালিয়ে কিছু তৃণমূল করেছি। তাতে ভুল থাকতে পারে। বাস্তব হলো, মমতাকে কেউ পছন্দ করেন না। তৃণমূল এবার সাফ হবে।
মমতার সভা এদিন সকাল ১১টায় থাকলেও তা পিছিয়ে বেলা ২টোয় করা হয়। শুভেন্দুরও এদিন জোড়া সভা ছিল মালদহে। রাজনৈতিক মহলে জল্পনা শুভেন্দুর সভার কথা ভেবেই এই সময় বদল। শুভেন্দু বলেন, গাজোলে সভার সময় পিছিয়েও ২ হাজার লোক হয়েছে। আমি মালদহ উত্তরে যেখানে সভা করলাম সেখানে ৮ হাজার লোকের ৬৫ শতাংশ মুসলিম মানুষ ছিলেন। মালদহ দক্ষিণের সভায় ১৫ হাজার লোক হয়েছে।
মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলে যে হামলা চলেছিল তার প্রেক্ষিতে শুভেন্দু বলেন, সিভিক ভলান্টিয়ারের বাড়ি থেকে পাথর, বোমা ছোড়ো হয়। সিভিক ভলান্টিয়ার যে বেতন পান তা স্বরাষ্ট্র দফতরের, যা মুখ্যমন্ত্রীর হাতে। রামনবমীর মিছিলে হামলাকে মমতা বিজেপির পরিকল্পনা বলে চালালেও শুভেন্দুর পাল্টা, উনিই পরিকল্পনামাফিক এ সব করিয়েছেন। মালদহের পুলিশ সুপার তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করছেন বলেও অভিযোগ শুভেন্দুর।












Click it and Unblock the Notifications