সকালে বালুরঘাটে রোড শো সুকান্ত মজুমদারের, মুখ্যমন্ত্রীকে গ্রেফতারির দাবি তুললেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে গ্রেফতার হবেন। তাঁর জন্য যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ করা উচিত। আক্রমণাত্মক এই বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
মঙ্গলবার সকালে প্রচারে বেরিয়েছিলেন বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী। গঙ্গারামপুর, বুনিয়াদপুরের বিভিন্ন জায়গায় সুকান্ত মজুমদার এদিন রোড শো করেন৷ প্রচুর সংখ্যায় বিজেপি কর্মী - সমর্থকরা এদিন রোড শোতে উপস্থিত ছিলেন।

গতকাল এসএসসি মামলায় রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই রায় নিয়ে এখন বাংলার রাজনীতি সরগরম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি তুলছেন বিরোধীরা। এদিন সুকান্ত মজুমদারও একইভাবে আক্রমণাত্মক মেজাজে ছিলেন।
বালুরঘাটে গতবার জিতেছিলেন বিজেপির সুকান্ত মজুমদার৷ তিনি এবারও ওই কেন্দ্রের প্রার্থী। তৃণমূল ওই কেন্দ্রে পোড়খাওয়া নেতা বিপ্লব দেবকে প্রার্থী করেছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রচারসভা করে গিয়েছেন বালুরঘাটে। দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করছে। এলাকার বিজেপি সাংসদ কী করেছেন? সেই প্রশ্ন তুলেছেন মমতা। আত্রেয়ী নদীর অবস্থা নিয়েও শুরু হয়েছে রাজনীতি।
আত্রেয়ী নদী সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মরা নদীকে বাঁচিয়ে তোলার জন্য বিশেষজ্ঞ নিয়ে আসা হয়েছিল। সংসদ ভবনে আত্রেয়ী নদীকে বাঁচিয়ে তোলার জন্যও বক্তব্য রাখা হয়েছে। এই দাবি করেছেন বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার।
এসএসসি মামলার রায় নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করেছেন সুকান্ত মজুমদার। পাঁচ হাজার বেআইনি নিয়োগের কথা বলেছেন সুকান্ত। অযোগ্যদের জন্য যোগ্যদেরও চাকরি গেল। যোগ্য প্রার্থীদের চাকরি যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার দায়ী৷ কড়া ভাষায় আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।
অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল ক্যাবিনেট। সেই বিষয়েও সমালোচনা করেছেন সুকান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছেন সুকান্ত মজুমদার।












Click it and Unblock the Notifications