এসটিএফের জালে কেএলও নেতা জীবন সিংহ ঘনিষ্ঠ তাপস, বড় সাফল্য পুলিশের
North Bengal: উত্তরবঙ্গে বড় সাফল্য এসটিএফের। শিলিগুড়ি থেকে গ্রেফতার কেএলও সংগঠনের সক্রিয় এক সদস্য। ধৃতের নাম তাপস রায় বলে জানা গিয়েছে। শুক্রবার বিকেলে এসটিএফের তরফে তাকে গ্রেফতার করা হয়। এদিনই তাকে আদালতে পেশ করা হয়। ঘটনায় তদন্তের স্বার্থে ধৃতকে ১০দিনের রিমান্ডের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, ধৃত তাপস রায় জীবন সিংহ ঘনিষ্ঠ (KLO leader Jiban Singh)। এর আগে নাগাল্যান্ড পুলিশের জালেও ধরা পড়েছিল। পরবর্তীতে ধৃতকে আসাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ কয়েক মাস জেল হেফাজত কাটায় সে।

সম্প্রতি জেল থেকে ছাড়া পারা তাপস। এমনটাই দাবি পুলিশের। আর ছাড়া পেয়েই ফের একবার কেএলও জঙ্গি সংগঠনের সদস্য হিসেবে তাপস কাজ শুরু করে দাবি তদন্তকারী সংস্থার। শুধু তাই নয়, বাংলায় এসে ধৃত ওই ব্যক্তি কাজ করছিল বলেও খোঁজ পান গোয়েন্দা আধিকারিকরা।
আর এরপর থেকেই এসটিএফের নজর ছিল তাপসের উপর। সম্প্রতি তাকে নোটিশ পাঠানো হয়। সেই নোটিশে সাড়া দিয়েই এদিন এসটিএফ অফিসে পৌঁছয় সে। একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি বাংলায় কেএলও সংগঠনের বিষয়ে জানতে চান তদন্তকারীরা।
কিন্তু দীর্ঘ জেরায় একাধিক অসংগতি ধরা পড়ে। আর এরপরেই তাকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। ধৃত তাপসকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যে জেরা শুরু করেছে এসটিএফের আধিকারিকরা। ঠিক কি করতে বাংলায় তাপস এসেছে সে বিষয়েও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি কেএলও নেতৃত্বের বিষয়েও তথ্য তাপসকে জেরা করে উঠে আসবে বলে মনে করা হচ্ছে।
তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কেএলও'র হয়ে টাকা তোলার কাজ করছিল তাপস। বিভিন্ন জায়গায় টাকা পয়সা চেয়ে হুমকি দিচ্ছিলেন বলেও জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা। কেএলও নেতার গ্রেফতারি এসটিএফের বড়সড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications