বার বার বলেও হয়নি! ঢাক-ঢোল নিয়ে ব্রিজের ওপরে শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন
ঢাকঢোল পিটিয়ে শেষযাত্রা দেখেছেন মানুষ। আবার সেই ঢাকঢোল পিটিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন। তবে প্রেক্ষিত ভিন্ন। ছবিটা উত্তরবঙ্গের।
প্রতিবাদের অনেক ভাষা হয়। মুখে প্রতিবাদ হতে পারে। আবার আকার ইঙ্গিতে প্রতিবাদ হতে পারে। কার্যকলাপের মাধ্যমেও প্রতিবাদ হতে পারে। কার্যকলাপের মাধ্যমে প্রতিবাদ হলেও, এর আয়োজন ছিল একেবারে ভিন্ন। কোচবিহারের একাংশের বাসিন্দারা দাবি না মেটায় অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন।

ঘটনাটি ঠিক কী
দীর্ঘদিন ধরে বেহাল মাথাভাঙ্গা থেকে শীতলকুচির মধ্যের রাস্তা। চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পূর্ত দপ্তরকে বারে বারে বলা পরেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এর আগেও বহুবার পথ অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাতেও কোনও কাজ না হওয়ায় বৃহস্পতিবার মাথাভাঙ্গা শীতলকুচি রোড অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তারপর পূর্ত দপ্তরের শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয় রাস্তার মধ্যেই। শ্রাদ্ধ করতে আনা হয়েছিল ব্রাহ্মণও। করা হয় মন্ত্রপাঠও।

পিডব্লুডির বিরুদ্ধে টালবাহানার অভিযোগ
স্থানীয় মানুষরা পিডব্লুডির বিরুদ্ধে টালবাহানার অভিযোগ করেন। মাথাভাঙা থেকে শীতলকুচির মধ্যে রাস্তার সংস্কার করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁরা। প্রত্যেকদিন পরিবহণ শ্রমিকরা শারীরিক ভাবে আহত হচ্ছেন কিংবা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। প্রশাসন মৃত হওয়ার সারা পাওয়া যাচ্ছে না বলে কটাক্ষ করেছেন স্থানীয়রা।

অভিনব প্রতিবাদের জেরে যানজট
প্রতিবাদে ছিল অভিনব উপায়। কিন্তু রাস্তা অবরোধের ফলে এলাকা জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আটকে পড়েন ছাত্রছাত্রী থেকে নিত্যযাত্রীরা। এদিন উপেন বর্মন সেতু আটকে সেতুর মধ্যে কলাগাছ লাগিয়ে ঢাক ঢোল নিয়ে অভিনব উপায়ে করা সেই শ্রাদ্ধ অনুষ্ঠান দেখতে বহু মানুষ ভীড় করেন। তাঁরা জানিয়ে দেন, যতক্ষণ পর্যন্ত কাজ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের অবরোধ চালিয়ে যাওয়া হবে।

কীবলছে তৃণমূল ও বিরোধীরা
এলাকার বিরোধী নেতৃত্ব বলছে শ্রাদ্ধর আরও বেশি কিছু যদি থাকে তা করা উচিত ছিল। দীর্ঘদিন ধরে প্রশাসন রাস্তা সারাই করছে না বলে অভিযোগ বিরোধী শিবিরের। কটাক্ষ করে তারা বলছে এই যদি উন্নয়নের হাল হয়ে থাকে, তাহলে মানুষেরই বোঝা উচিত কী হারে উন্নয়ন হচ্ছে। বিরোধীদের আরও অভিযোগ বহুবার রাস্তার সারাই করতে টাকার মঞ্জুরি হয়েছে, কিন্তু তৃণমূল নেতাদের কাটমানির দাবিতে কোনও কন্টাক্টর কাজ করতে চাননি।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি ১৮ কিমি রাস্তা সারাইয়ের প্রক্রিয়া চলছে। ওয়ার্ক অর্ডার হলেই কাজ শুরু হবে। তবে তৃণমূল নেতৃত্ব স্বীকার করে নিয়েছে, আগেও এই রাস্তার জন্য টেন্ডার করা হয়েছে। কিন্তু কিছু কারণের জন্য তা আর শেষ পর্যন্ত আলো দেখেনি। দিন ১৫-র মধ্যে রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে বলে আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের।












Click it and Unblock the Notifications