'স্লিপ অব টাং'! মালদহে তৃণমূলের মঞ্চে কী স্লোগান শোনা গেল? হইচই জেলা রাজনীতিতে
'স্লিপ অব টাং' যে কোনও বড়সড় বিপর্যয় আনতে পারে। সেই বিষয়টি আরও একবার সামনে এল। তৃণমূল নেতা - কর্মীদের স্লোগানিং। আর সেখানেই এই ঘটনা। ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। আর চরম অস্বস্তিতে সেই তৃণমূল নেতা। ঘটনাটি মালদহের। কিন্তু হয়েছেটা কী? মুখ ফসকে কী কথা বেরিয়ে পড়েছে?
আরজি কর কাণ্ডের প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূলের ধর্না কর্মসূচি।সেখানে উপস্থিত স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে, জেলা এবং ব্লকের তাবড় তাবড় নেতা ও জন-প্রতিনিধিরা। এই মঞ্চ থেকেই হঠাৎ স্লোগান উঠল 'মমতা ব্যানার্জির ফাঁসি চাই।' অন্যরাও একই ভাবে 'ফাঁসি চাই' বলে সরব হয়েছিলেন।

সেই স্লোগানে 'ফাঁসি চাই, ফাঁসি চাই' বলে গলা মেলালেন উপস্থিত রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে অন্যান্য তৃণমূল নেতারা। এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যা নিয়ে ব্যাপক শোরগোল মালদহের জেলা রাজনীতিতে। 'স্লিপ অব টাং' সাফাই তৃণমূলের। পাল্টা তীব্র কটাক্ষ বিরোধীদের। অস্বস্তিতে রাজ্যের শাসক দল।
রবিবার মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের শহিদ মোড়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। হরিশ্চন্দ্রপুর ১ এবং ২ নম্বর ব্লক নিয়ে আরজি করের ঘটনার প্রতিবাদে দোষির ফাঁসির দাবিতে চলছিল ধর্না কর্মসূচি। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, দুই ব্লক সভাপতি, জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য রবিউল ইসলাম সহ অঞ্চল এবং ব্লকের নেতারা।
কর্মসূচি শেষের মুহূর্তে অভিযুক্তদের ফাঁসির দাবিতে উঠছিল স্লোগান। সেই সময় হঠাৎ মন্ত্রী তাজমুল হোসেনের ছায়া সঙ্গী তথা জেলা তৃণমূলের সম্পাদক শেখ মঙলুদ্দিন ওই স্লোগান দেন। মুহূর্তের মধ্যেই নিজেদের ভুল বুঝতে পেরে নেতৃত্ব ভুল শুধরে নেয়৷
এই ভিডিও ভাইরাল হতেই ব্যাপক শোরগোল সামাজিক মাধ্যমে। হরিশ্চন্দ্রপুর ১ এ ব্লক সভাপতি জিয়াউর রহমান জানান, মুখ ফসকে এই ঘটনা ঘটেছে। ওই নেতাকে সতর্ক করা হয়েছে। বিরোধীরা এই নিয়ে কটাক্ষ করেছেন। কংগ্রেস এবং সিপিএমের অভিযোগ, প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা হচ্ছে। তৃণমূল নেতারা নিজেরাই জানেন না, কী স্লোগান দিতে হবে। তাই এই ধরনের স্লোগান হচ্ছে। বিজেপির দাবি, এদের গ্রেফতার করা হোক। ঘটনা নিয়ে ব্যাপক অস্বস্তিতে তৃণমূল।












Click it and Unblock the Notifications