নিয়োগ দুর্নীতি-সহ বিভিন্ন ইস্যুতে পথে SFI-DYFI-AIDWA! ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহার শহরে
সিপিআই(এম)-এর ছাত্র-যুব-মহিলা সংগঠনের জেলাশাসক দপ্তর অভিযান ঘিরে উত্তাল কোচবিহার শহর। মঙ্গলবার দুপুরে কোচবিহার শহরের জেনকিন্স স্কুল সংলগ্ন এলাকা থেকে ছাত্র-যুব-মহিলাদের একটি বিরাট মিছিল কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে অগ্রসর হয় কোচবিহার জেলাশাসকের দপ্তরের দিকে।
রাস্তায় একের পর এক পুলিশের ব্যারিকেড ভাঙতে শুরু করেন মিছিলে অংশগ্রহণকারীরা। রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় মিছিলে অংশগ্রহণকারীদের। বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।

কোচবিহার চকচকা শিল্প তালুককে পুনরুজ্জীবিত করে অবিলম্বে কৃষিভিত্তিক শিল্প স্থাপন, দিনহাটা ২নং ব্লক ও সিতাই-এ অবিলম্বে ঘোষিত কলেজে স্থাপন, নিউ কোচবিহার স্টেশনে বন্দেভারত এক্সপ্রেসের স্টপেজের ব্যবস্থা করার মতো দাবি ছিল বাম ছাত্র-যুব-মহিলাদের।
তাঁদের দাবির মধ্যে রয়েছে, বিভিন্ন স্থানীয় দাবিও। যেমন মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়-সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদগুলিতে প্রতিবছর নিয়ম করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, এরাজ্যে চাকরি দুর্নীতিতে অভিযুক্ত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তাঁরা।

নতুন জাতীয় শিক্ষানীতি -২০২০ অবিলম্বে বাতিল, নারীদের নিরাপত্তা ও সমানাধিকার সুনিশ্চিতিকরণ, জেলার বেহাল স্বাস্থ্য পরিকাঠামোর আমূল-পরিবর্তন, সুষ্ঠ ও অবাধ পঞ্চায়েত নির্বাচনের দাবিকে সামনে রেখে মঙ্গলবার এসএফআই, ডিওয়াই এফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির যৌথ জেলাশাসকের দপ্তর অভিযানকে ঘিরে উত্তাল হয়ে উঠে কোচবিহার শহর।

জেলাশাসকের দফতরের পাশেই রয়েছে সাগরদিঘি। বর্তমানে সেখানে সংস্কারের কারণে রেলিং খুলে ফেলা হয়েছে। আন্দোলনের জেরে কেউ যাতে সাগরদিঘিতে পড়ে না যান তার জন্য বোট নিয়ে নজরদারিতে ছিল পুলিশ।












Click it and Unblock the Notifications