Siliguri: ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি ব্রাউন সুগার উদ্ধার, ফিল্মি কায়দায় পাচারকারীদের ধরল পুলিশ
শিলিগুড়িতে দুটি পৃথক জায়গায় অভিযান চালিয়ে ৫ কেজি ৪০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। ফিল্মি কায়দায় পাঁচ পাচারকারীকেও পুলিশের জালে পুরতে সমর্থ হন গোয়েন্দা অফিসাররা। ব্রাউন সুগার বা ওই ড্রাগ হাত বদলের আগেই পুলিশ জালে পুরে ফেলে পাচারকারীদের। ভেস্তে যায় সমস্ত পরিকল্পনা।
শিলিগুড়ি থেকে উদ্ধার হওয়া ওই ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা। সফল এই অভিযানের পর সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী জানান, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির ইষ্টার্ন বাইপাস এলাকা থেকে ৪ কেজি ৮১২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। সেইসঙ্গে তিনজনকে গ্রেফতার করে এস ও জি এবং ভক্তিনগর থানার পুলিশ। ঘটনায় ধৃত তিনজনের নাম দুর্গা সোরেন, প্রদীপ মুন্ডা ও রশিদ শেখ।

ধৃত দুর্গা এবং প্রদীপের বাড়ি শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে। রশিদের বাড়ি মালদহের কালিয়াচকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার মালদহ থেকে নিয়ে আনা হচ্ছিল শিলিগুড়িতে। শিলিগুড়ির ইষ্টার্ন বাইপাসেই এই ব্রাউন সুগারের হাতবদল হওয়ার কথা ছিল।
অন্যদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানাো বড়োসড়ো সাফল্য পায়। লক্ষাধিক টাকার ব্রাউন সুগার-সহ দুজনকে গ্রেফতার করে স্পেশাল অপারেশন গ্রুপ বা এসওজি এবং শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম বরসাই কিস্কু(৩৬) এবং বন্ধন মাঝি(৪০)।দুজনই দার্জিলিংয়ের বাসিন্দা।
এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের কাছে খবর আসে যে, শিলিগুড়ির বাগরাকোট এলাকায় মাদক পাচার করা হবে। এরপর শিলিগুড়ি থানার পুলিশকে নিয়ে বাগরাকোট এলাকায় যৌথ অভিযান চালায় এসওজি। বাগরাকোটে এফসিআই গোডাউন সংলগ্ন ২০ নম্বর গলিতে ৩ ব্যক্তিকে স্কুটি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের।

যদিও পুলিশ দেখেই তিনজনের মধ্যে একজন পালিয়ে যায়। ধরা পড়ে যায় দু'জন। এরপর তল্লাশি চালাতেই তাদের স্কুটি থেকে উদ্ধার হয় ৬০০ গ্রাম ব্রাউন সুগার। ওই ব্রাউন সুগারের যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। একই দিনে দু-জায়গায় অভিযান চালিয়ে সাফল্য পায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।
বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, উদ্ধার হওয়া এই ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। এই চক্রে আরও বড়ো কোনো মাথা জড়িয়ে রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications