Gautam Deb: বাসের সঙ্গে ধাক্কা! বড়সড় দুর্ঘটনা এড়ালেন গৌতম দেব
Gautam Deb: বড়সড় দুর্ঘটনা এড়ালেন গৌতম দেব। দুর্ঘটনার কবলে শিলিগুড়ির মেয়র। যদিও কোনও ভাবে রক্ষা পান মেয়র। তাঁর কোনও আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে। তবে মেয়রের গাড়িটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশবাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘাতক বাসটিকে আটক করেছে শিলিগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার শিলিগুড়ির সূর্য সেন কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গৌতম দেব।

সন্ধ্যায় সেই কলেজের অনুষ্ঠান সেরে ফিরছিলেন তিনি। আর সেখান থেকে ফেরার পথে দাদাভাই মোড়ের কাছে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে মেয়রের গাড়ির। মুহূর্তে কার্যত মেয়রের গাড়িটি কিছুটা ছিটকে যায়। গাড়িটির পিছনে অংশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে স্বস্তির খবর, ঘটনায় মেয়রের কোনও আঘাত লাগেনি। অন্যদিকে ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। উল্লেখ্য দুদিন আগেই শিলিগুড়ির মেয়র পারিষদ শোভা সুব্বা দুর্ঘটনার কবলে পড়েন। এবার শিলিগুড়ির মেয়র দুর্ঘটনার কবলে। একের পর এক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য শিলিগুড়ি শহরে। প্রশ্ন উঠছে পুলিশের ভুমিকা নিয়ে।












Click it and Unblock the Notifications