Firing in Malda: ১...২...৩ চলল একের পর এক গুলি! 'দাদা'দের কীর্তির ভিডিও ভাইরাল, মামলা রুজু পুলিশের
Firing in Malda: তৃণমূল নেতা দুলাল সরকার খুনের পর থেকেই সংবাদ শিরোনামে মালদহে। এমনকি গত ২৪ ঘণ্টা আগেও মালদহে পুলিশকে লক্ষ্য করে চলে গুলি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গুলি চলল মালদহে। ভলিবল টুর্নামেন্টের সূচনায় চলল গুলি। একটা নয়, একেবারে পাঁচ রাউন্ড গুলি শূন্যে ছোঁড়া হয়েছে বলে জানা যাচ্ছে।
আর সেই ঘটনার একটি ভাইরাল ভিডিও (Viral Video) সামনে এসেছে। যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও'র (Firing in Malda) সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।

তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে জেলাজুড়ে। ঘটনায় কড়া শাস্তির দাবি উঠছে। ইতিমধ্যে যদিও ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় পুলিশ-প্রশাসন। পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যে কয়েকটি বন্দুক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার কার হয়েছে। এফআইআর-ও দায়ের হয়েছে। তবে এই ঘটনায় যারা যুক্ত তাঁদের কাউকেই পুলিশ এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, নুরপুর টিপটপ ক্লাব এন্ড লাইব্রেরি কর্তৃপক্ষের উদ্যোগ মতো বৃহস্পতিবার একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। আর তা করা হয় একেবারে নুরপুর উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনের মাঠেই। এই টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ সামনে এসেছে। টুর্নামেন্টের সূচনায় শূন্যে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। আর সেই গুলি চালানোর ভিডিও সামনে আসতেই শোরগোল পড়েছে এলাকায়।
বিশেষ করে মালদার মানিকচকের নুরপুর এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, যাদের গুলি চালাতে দেখা যাচ্ছে তাঁরা সবাই তৃণমূলের প্রভাবশালী নেতা। একাধিক পদও রয়েছে। ফলে ভুলেও পুলিশ তাঁদের ধরবে না বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্ব। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তুভ জানান, এই বাংলা একেবারে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে। কোনও নিয়ন্ত্রণ নেই।
এই ঘটনায় কার্যত চরম অস্বস্তির মুখে জেলা তৃণমূল নেতৃত্ব। ঘটনার পর থেকেই কার্যত স্পিকটি নট নেতা-নেত্রীরা। তবে একটি সূত্রের দাবি, ঘটনার সময় তৃণমূলের কেউ ছিল না। স্থানীয় একটি অনুষ্ঠান। এলাকার কয়েকজন যুবক এই কাজ করেছে। অন্যদিকে এমন স্কুলের মধ্যে আয়োজিত খেলায় কেন গুলি শূন্যে ছুড়তে হল তা নিয়ে গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ ফেটেছে ক্লাব কতৃপক্ষ। ঘটনায় জেলাজুড়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে জেলার মানুষজনের মধ্যে।












Click it and Unblock the Notifications