Mass Resignation: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও গণ ইস্তফা সিনিয়র চিকিৎসকদের, স্বাস্থ্য পরিষেবা নিয়ে শঙ্কা
Doctors' Mass Resignation: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আরজি কর মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফা দিয়েছিলেন। যদিও রাজ্য সরকার জানিয়েছিল, সরকারিভাবে চিকিৎসকরা কিছু জানাননি।
কলকাতা মেডিক্যাল কলেজের চিকিৎসকরা গণ ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন। সেই একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের পাশাপাশি তৈরি হলো উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরাও গণ ইস্তফা দিলেন।

আজ মহাষষ্ঠী। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ঝাঁঝ বাড়ালেন সিনিয়র চিকিৎসকরা। গতকাল পঞ্চমীর দিন আরজি কর মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা প্রতীকী গণ ইস্তফা দেন। বুধবার সেই একই পথে হাঁটলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরাও।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রায় ৪২ জন সিনিয়র চিকিৎসক গণ ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। মূলত জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে গণ-ইস্তফা দিলেন সিনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের পর ১০ দফা দাবিতে বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশনে বসেছেন।
৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজ্য সরকারের তরফে কোনও ইতিবাচক সাড়া মেলেনি। এদিকে জুনিয়র চিকিৎসকদের শারীরিক অবস্থারও দিন দিন অবনতি হচ্ছে। তাই আর চুপ করে বসে থাকতে পারলেন না সিনিয়র চিকিৎসকরা। গতকাল থেকে সিনিয়র চিকিৎসকরাও প্রতীকী অনশনে বসছেন।
অনশন নিয়ে সরকারি উদাসীনতা বিরক্তি বাড়াচ্ছে সিনিয়র চিকিৎসকদের। এখনও পর্যন্ত সরকারি প্রতিক্রিয়া না আসায় গণ ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, গণ ইস্তফা দিলেও এখনই হাসপাতাল ছেড়ে বা পরিষেবা ছেড়ে কোথাও যাচ্ছেন না চিকিত্সকেরা।
চিকিৎসকদের দাবি, তাঁরা ইস্তফা দিয়েছেন, কিন্তু সেটা সরকার মানবে কিনা সেটা সরকারের বিষয়। তবে তাঁরা জানিয়েছেন, চাকরি নয়, ডিউটি থেকে গণ ইস্তফা দিচ্ছেন। ইস্তফা গ্রহণ না করা পর্যন্ত কাজ করবেন তাঁরা। সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে বলেও দাবি জানিয়েছেন এই চিকিৎসকরা। এদিন ইস্তফা দিয়েছেন বিভিন্ন বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান, হাসপাতালে কর্মরত সিনিয়র চিকিৎসকরা।












Click it and Unblock the Notifications