মহারাষ্ট্রে আস্থা ভোটের সিদ্ধান্ত একতরফা! রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে শিবসেনা
বৃহস্পতিবার মহারাষ্ট্রে আস্থা ভোটের কথা ঘোষণা করেছেন রাজ্যপাল। রাজ্যপালের এই সিদ্ধান্ত একতরফা বলে অভিযোগ করল শিবসেনা।
বৃহস্পতিবার মহারাষ্ট্রে আস্থা ভোটের কথা ঘোষণা করেছেন রাজ্যপাল। রাজ্যপালের এই সিদ্ধান্ত একতরফা বলে অভিযোগ করল শিবসেনা। তবে শুধু অভিযোগ করেই ক্ষান্ত নয় তারা, শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়ে দিলেন রাজ্যপালের ফ্লোর টেস্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন। অর্থাৎ মহারাষ্ট্রের মহানাটক ফের গড়াতে চলেছে আইনের আদালতে।

মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি বুধবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি দিয়ে জানিয়েছেন, বৃহস্পতিবার আস্থাভোটের মুখোমুখি হতে হবে তাঁর সরকারকে। তাঁকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বলে জানিয়েছেন রাজ্যপাল। এছাড়া এই বিধানসভার অধিবেশন ও আস্থা ভোটের ভিডিও রেকর্ডিং করার নির্দেশও দিয়েছেন তিনি।
এরপরই শিবসেনার তরফে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, রাজ্যপাল একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা পর্যন্ত করেননি। অথচ আস্থাভোটের ডাক দিয়ে দিলেন। এটা একেবারে অনৈতিক। তাই তাঁরা রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, আবেদনের নথি ও প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো জমা দেওয়া হলে এদিন বিকেল পাঁচটায় শুনানি হবে। মহারাষ্ট্রের গভর্নরের পক্ষে সওয়াল করে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছেন, এদিন বিকেল ৫টায় এই বিষয়ে শুনানি হলে তাঁর কোনও আপত্তি নেই। অন্যদিকে একনাথ শিন্ডে ও এন কে কাউলের নেতৃত্বে বিদ্রোহী বিধায়কদের পক্ষের আইনজীবী জানিয়েছেন, বুধবারের পরিবর্তে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার শুনানি হোক। তাঁরা এই মর্মে অনুরোধ করেছেন সুপ্রিম কোর্টকে।
বিধানসভায় সমর্থন কমেছে মহারাষ্ট্রে এমভিএ সরকারের। রাজ্যপাল তাই বলেছেন, রাজ্যের বর্তমানে রাজনৈতিক অস্থিরতা কাটাতে উদ্ধব ঠাকরে সরকারকে গরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। ইতিমধ্যে ৩৯ জন বিধায়ক তাঁর শিবির থেকে সরে গিয়েছেন বলে দাবি করা হয়েছে। ৭ জন নির্দল বিধায়কও ইমেল করে সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার কথা জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীকে আস্থা ভোটের আর্জি জানানো হয়েছে।
শিবসেনার বিদ্রোহী শিবিরের নেতা একনাথ শিন্ডে জানিয়েছেন, বৃহস্পতিবার আস্থা ভোটের জন্য তিনি মুম্বই যাচ্ছেন। তিনি হাউসে উপস্থিত থাকবেন সদলবদলে, একথাও জোরের সঙ্গে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে বৃহস্পতিবারই মহারাষ্ট্রের মহানাটক ক্লাইম্যাক্সে পৌঁছয় নাকি, তা নাটকীয় মোড় নেয়, তা-ই দেখার।
উদ্ধব ঠাকরের পক্ষে শিবসেনার একাংশ দাবি তুলেছিল, যেহেতু সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে এই মামলায়, সেহেতু রাজ্যপালের তরফে আস্থা ভোট করানোটা ভুল হবে। কিন্তু রাজ্যপাল আস্থা ভোটের ডাক দিয়েই দিলেন। ১৬ জনের বিধায়ক পদ বাতিলের ঘোষণা নিয়ে সুপ্রিম কোর্ট যখন ১১ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে, তখন কীভাবে আস্থা ভোটের কথা বলতে পারেন রাজ্যপাল, সে প্রশ্নও উঠছে আবার।












Click it and Unblock the Notifications