Mamata Banerjee: নিয়োগ থেকে বেতন, বাড়ি থেকে পাট্টা, পাহাড়ে দরাজ মুখ্যমন্ত্রী
পাহাড়ে এসে যেন কল্পতরু হয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইপো আবেশের বিয়ে হয়েছে বৃহস্পতিবার কার্শিয়াংয়ে। মুখ্যমন্ত্রী পাহাড়েই আছেন এখন। আর শুক্রবার সেই পাহাড়ের মানুষদের জন্যই তিনি যেন উদারহস্ত হয়ে উঠলেন।
আগামী ২ দিনের মধ্যে ৩৩ হাজার মানুষ পাহাড়ে উপকৃত হবেন। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের একাধিক বার্তা দিয়েছেন। আগামী দিনে বাইরে যাওয়ার দরকার নেই। বরং বাইরে পাহাড়ে আসবে। এমনই বক্তব্য মুখ্যমন্ত্রীর। এদিন দার্জিলিং ও কালিম্পংয়ে সরকারি অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী।

কালিম্পংয়ে আইটি সেক্টর হবে। ২৪ হাজার কোটি বিনিয়োগ হবে পাহাড়ে। জিটিএকে ৭৫ কোটি টাকা দেওয়া হবে। জিটিএ কর্মীরা অবসরের পর গ্রাচুয়িটি বাবদ ২০ লক্ষ টাকা করে পাবেন। জিটিএ- এর রেগুলার এমপ্লয়ি ২০০৯ সালের পে রুল, ২০১৯ সালের পে রুলে বেতন সংশোধনের কথা বলা হয়েছে।
কার্শিয়াংয়ে হাজার জনকে পাট্টা বিলি হবে। তিস্তা নদীতে ভয়াবহ বিপর্যয় হয়েছিল। সেই তিস্তায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করা হবে। পাহাড়ে ৩ লক্ষ ৩২ হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। শুধু তাই নয়, ২০২৪ সালের মধ্যে এই পরিসেবা চালু হবে। এই কথাও বলা হয়েছে।
গতকাল মুখ্যমন্ত্রীকে চা বাগানে যেতে দেখা গিয়েছে। চা পাতা তুলেছেন তিনি বাগানে। চা বাগানের মহিলা শ্রমিকদের সঙ্গেও তিনি কথা বলেছেন। এবার চা সুন্দরী প্রকল্পে তিন লাখ শ্রমিককে বাড়ি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বাড়ি হাতে পাওয়ার পর তার পাট্টাও পাওয়া যাবে। জেলা বোর্ডে হাজার নিয়োগ হবে বলেও জানানো হচ্ছে।
মুখ্যমন্ত্রী চারটি জনসভা করবেন এবার উত্তরবঙ্গে। লোকসভা নির্বাচনের আগে পাহাড়ে প্রচার তিনি শুরু করে দিলেন তিনি৷ এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। পাহাড়ের মানুষের সঙ্গে তাঁর রক্তের সম্পর্ক। সেই সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এবার বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকেন্ডারি স্কুলে ৫৯০ জনকে নিয়োগ করা হবে। ২০০৩ সাল থেকে রিজিওনাল স্কিল সার্ভিস কমিশন ফর হিলস বন্ধ রয়েছে। সেটি আবার চালু করা হবে। এমনই জানানো হচ্ছে।












Click it and Unblock the Notifications