রাজ আমলের প্রথা! একমাস আগে শারদোৎসবের সূচনা কোচবিহারে
রাজ ঐতিহ্য মেনেই কোচবিহার বড় দেবী বাড়িতে রাধা অষ্টমী তিথিতে শনিবার নিষ্ঠা সহকারে পূজিত হলো দেবীরূপী ময়না কাঠ। মহাস্নান, বিশেষ পুজোর পর পায়রা বলি সহ বিভিন্ন রীতি মেনেই এই ময়না কাঠকে পুজোর পর তোলা হলো ট্রলিতে। আগামী ৩দিন তাতে হাওয়া লাগানোর পর কাঠামোতে খড় ও মাটি দিয়ে চূড়ান্তভাবে শুরু হবে কোচবিহারের ঐতিহ্যবাহী বড় দেবীর মৃন্ময়ী মূর্তি নির্মাণের কাজ।
কথিত আছে, কোচবিহার রাজবংশের প্রতিষ্ঠাতা মহারাজা বিশ্বসিংহ শৈশবকালে তাঁর ৩ ভাই শিষ্যসিংহ, কুমার চন্দন ও কুমার মদন এবং শৈশবকালের অন্য খেলার সাথীদের নিয়ে আনুমানিক ১৫১০ খ্রিস্টাব্দে অসম রাজ্যের " চিকনা " নামক গভীর বনে ময়না কাঠের ডালকে দেবী দুর্গা কল্পনা করে বনফুল ও বিভিন্ন ফল দিয়ে পুজো করেছিলেন।

এই সময় খেলার এক সাথীকে রাজকুমার শিষ্য সিংহ পাঠার মতো আটকে রাখেন ও মহারাজা বিশ্বসিংহ কুশ দিয়ে আঘাত করা মাত্রই দেবীর অলৌকিক ক্ষমতায় সেই বন্ধুর মাথা ধর থেকে আলাদা হয়ে যায় এবং মহারাজা বিশ্বসিংহ সেই বন্ধুর ছিন্ন মস্তক দেবীর নামে নিবেদন করেন।
কথিত আছে যে , সেই সময় দেবী দুর্গার আশীর্বাদেই নাকি মহারাজা বিশ্বসিংহ " চিকনার " অধিপতি তুরকা কোতোয়ালকে পরাজিত ও নিহত করে কোচবিহারের সিংহাসনে আসীন হন। এই ময়না গাছের ডালকে দেবী দুর্গা কল্পনা করে তাঁর প্রথম পুজো হয়েছিল বলেই আজও প্রতি বছর নিয়ম করে ময়না গাছের ডালকে রাধা অষ্টমীর পুণ্যতিথিতে পুজো করে দেবীপ্রতিমার শক্তিগোজ করা হয়। এবারও নিষ্ঠার সাথে এই পুজো হয়েছে বলে জানান রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য।
কোচবিহারের মহারাজাদের স্থাপন করা দেবী বাড়িতে প্রায় ৫০০ বছর যাবৎ এই ময়না কাঠ পুজোর মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসব-এর সূচনা হয়। শ্রাবণ মাসের শেষে শুক্লা অষ্টমী তিথিতে কোচবিহার শহরের গুঞ্জবাড়িতে ডাঙারাই মন্দিরে এই ময়না কাঠ পুজো হয়। পুজো শেষে সেদিন সন্ধ্যাতেই বাদ্যযন্ত্র সহকারে মাতৃরূপী ময়না কাঠটিকে কাপড় পরিয়ে, সুন্দর ভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় মদনমোহন বাড়িতে। পুরো এক মাস সেখানে হয় নিত্য পুজো।
এরপর রাধা অষ্টমী তিথিতে মাতৃরূপী এই ময়না কাঠ কে আবারও বাদ্যযন্ত্র সহযোগে নিয়ে আসা হয় এই বড়দেবী বাড়িতে এবং রাধা অষ্টমী তিথি থেকে নিষ্ঠা সহকারে শুরু করা হয় এই ময়না কাঠের পুজো ও বড় দেবীর মাটির প্রতিমা তৈরির যাবতীয় কাজ।












Click it and Unblock the Notifications