RG Kar Incident: আরজি কর কাণ্ডে মমতার পদত্যাগের দাবি কেন? খোলসা করে অসহযোগ আন্দোলনের প্রস্তাব শঙ্করের
RG Kar Incident: আরজি কর কাণ্ডে একদিকে যেমন সকলে ন্যায়বিচার চাইছেন, তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও উঠেছে।
মঙ্গলবার নবান্ন চলোর ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। রবিবার শ্যামবাজারে চলতে থাকা ধর্নার শেষে নয়া কর্মসূচি ঘোষণা করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

এই আবহে শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ রাজ্যজুড়ে অসহযোগ আন্দোলন শুরুর পক্ষে সওয়াল করলেন। তিনি বলেন, ভারতে যেমন একটা সময় ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, তেমনই এবার হোক রাজ্য সরকারের বিরুদ্ধে।
শঙ্কর বলেন, আরজি কর হাসপাতালের ঘটনায় নির্যাতিতার ন্যায়বিচার চেয়ে পথে নেমেছেন কোটি কোটি মানুষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে অসহযোগ আন্দোলন শুরুর প্রস্তাব দিচ্ছি। সরকারি কর্মী থেকে সাধারণ মানুষের এই আন্দোলনে সামিল হওয়া উচিত।
শঙ্করের কথায়, আরজি কর কাণ্ডের সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি ন্যায়সঙ্গত। কেন না, তিনি পদত্যাগ না করলে নির্যাতিতা ন্যায়বিচার পাবেন না। মুখ্যমন্ত্রীর নির্দেশেই কলকাতার পুলিশ কমিশনার, রাজ্যের ডিজি, হাসপাতালের প্রিন্সিপাল, স্বাস্থ্য দফতরের কর্তারা গোটা বিষয়টিকে ধামাচাপা দিতে চেয়েছিলেন।
তড়িঘড়ি নির্যাতিতার দেহ দাহ করা থেকে শুরু করে অপরাধস্থলের চরিত্র বদলের চেষ্টা, সবেতেই স্পষ্ট তথ্যপ্রমাণ লোপের মরিয়া চেষ্টা চলেছিল। নিজেদের দুর্বলতা, গাফিলতি ঢাকতে রাজ্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে নামী-দামী আইনজীবীদের দাঁড় করিয়ে মামলা লড়ছে।
শঙ্কর বলেন, ১৬ দিন হয়ে গেল। মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে। সিবিআইয়ের উচিত যাঁরা এই অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তাঁদের সকলকে গ্রেফতার করা। তাহলেই বেরিয়ে আসবে আসল সত্যটা। যা নির্যাতিতার ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করে দিতে পারে।












Click it and Unblock the Notifications