আরজি কর কাণ্ডের প্রতিবাদ, মালদহের নাট্য সংস্থা ফেরাল সরকারি অনুদান
আরজি কর হাসপাতালে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তোলপাড় অবস্থা। এবার প্রতিবাদ জানালো মালদহের একটি নাট্য সংস্থা। রাজ্য সরকারের অনুদানের ৫০ হাজার টাকা ফিরিয়ে দিল ওই সংস্থা।
মালদাহ সমবেত প্রয়াস নামে ওই নাট্য সংস্থা দীর্ঘদিনের পুরনো। প্রবীণ শিক্ষক থেকে বুদ্ধিজীবী, আইনজীবী, চিকিৎসক, সাহিত্যিকরা এই সংস্থার সঙ্গে যুক্ত।তাদের এই নাট্য সংস্থাকে নতুন রূপ দেওয়ার চিন্তাভাবনা এবং মালদহে নাট্যমেলা করার জন্য রাজ্য সরকারের কাছে আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছিল।

সেই মতো মিলেছিল অনুদান হিসেবে ৫০ হাজার টাকা। আরজি কর কাণ্ডের পর সরকারি অর্থ ফিরিয়েই প্রতিবাদ জানালেন নাট্য সংস্থার সমস্ত কর্মকর্তারা। নাট্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৯৬ সালে গঠিত হওয়া মালদহ সমবেত প্রয়াস। পশ্চিমবঙ্গ সরকারের নাট্য একাডেমির অধীনস্থ অনুদান এই বছরই তারা পেয়েছিল।
মালদহ সমবেত প্রয়াস নাট্য সংস্থার প্রবীণ সদস্য শরদিন্দু চক্রবর্তী বলেন, আরজি কর কাণ্ড নিয়ে গোটা দেশ তোলপাড়। আরজি কর কাণ্ডের ক্ষেত্রে রাজ্যের শাসক দল যেভাবে ধর্ষককে আড়াল করার চেষ্টা করছে এবং প্রমাণ লোপাটের চেষ্টা চালানো হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। এই নিন্দার কোনও ভাষা নেই। তাই আমরা এই নাট্য সংস্থার পক্ষ থেকে রাজ্য সরকারের দেওয়া ৫০ হাজার টাকার আর্থিক অনুদান ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছি। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি সংস্থার মাধ্যমে রাজ্য সরকারের এই আর্থিক অনুদানের চেক ফিরিয়ে দেওয়া হয়েছে।
মহিলা সদস্যা শর্মিষ্ঠা দাস বলেন, আরজি কর কাণ্ড দেশবাসীর টনক নড়িয়ে দিয়েছে। সমস্ত বয়সী ছেলেমেয়েরা রাস্তায় নেমে আজ প্রতিবাদ জানাচ্ছে। দোষীদের ফাঁসির দাবিতে মানুষ রাস্তায় নেমে গণ-আন্দোলন শুরু করেছে। আমরা দেখেছি বিগত দিনে উন্নাও , হাথরস নারী নির্যাতনের ঘটনার দেশ জুড়ে তোলপাড় হয়েছিল। এবার আরও একবার এই রাজ্যের সেই আরজি কর কান্ড গোটা দেশের টনক নড়িয়ে দিয়েছে।
৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দু'দিন জেলায় নাট্যমেলা হওয়ার কর্মসূচি ছিল। এই পরিস্থিতিতে আপাতত সেটি স্থগিত করা হয়েছে।












Click it and Unblock the Notifications