পুলিশের পোশাক, নেমপ্লেট সব বানানো ছিল, ভুয়ো পুলিশ গ্রেফতার মালদহে
রাজ্যে একাধিক জায়গায় ভুয়ো শিক্ষক দেখা গিয়েছে। বহু ভুয়ো চিকিৎসক ধরা পড়েছে এক সময়। এবার পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো পুলিশ অফিসার। মঙ্গলবার গভীর রাতে মালদহের পুখুরিয়া থানার ঘটনা।
লোখরা এলাকা থেকে এক ভুয়ো পুলিশ আধিকারিককে গ্রেফতার করে পুখুরিয়া থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ভুয়ো ওই পুলিশ আধিকারিকের নাম আনোয়ারুল আলি। বুধবার তাকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পুখুরিয়ার আড়াইডাঙা অঞ্চলের লোখরা গ্রামে ওই ব্যক্তি পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল। তার চলাচল স্থানীয় বাসিন্দাদের সন্দেহজনক মনে হয়। তাকে পাকড়াও করে খবর দেওয়া হয় পুখুরিয়া থানায়।
পুখুরিয়া পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ ওই ব্যক্তিকে একাধিকবার গ্রামে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। গতকাল রাতে একটি মেয়ের বাড়ির পাশে তাকে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুয়ো পুলিশ অফিসারের নাম আনোয়ারুল হক। বাড়ি হরিশ্চন্দ্রপুর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রামেরই একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে তার। মঙ্গলবার রাতেও ওই মেয়েটির সঙ্গে দেখা করতে যায় সে।
মেয়েটির অভিযোগ, গত ছয় মাস আগে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল। মিথ্যা কথা বলে প্রেমের জালে ফাঁসানো হয়। কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি তার মোবাইলে ছিল। নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে মেয়ের বাবাকে হুমকি দিত। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications