থমথমে গোটা গ্রাম, কালিয়াগঞ্জের রাধিকাপুরে বসল পুলিশ ক্যাম্প, চলছে নাকা চেকিং
থমথমে হয়ে রয়েছে গোটা গ্রাম। একটার রেশ কাটতে না কাটতে আরেকটা ঘটনা। নাবালিকার মৃত্যুর ধাক্কা সামলে ওঠার আগেই পুলিশের গুলিতে মারা গেলেন কালিয়াগঞ্জের রাধিকাপুরের আরেক যুবক। আবার উত্তপ্ত পরিস্থিতি।
কালিয়াগঞ্জের মত ভাঙচুর অগ্নিসংযোেগর ঘটনা না ঘটলেএ পুলিশের বিরুদ্ধে চাপা ক্ষোভ রয়েই গিয়েছে। পুলিশের বিরুদ্ধে রাগে ক্ষোভ ফুঁসছে গোটা গ্রাম। পুলিশের গুলিতেই রাজবংশী যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি। পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় তার জন্য আগে থেকেই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

গত পরশু থেকে কালিয়াগঞ্জের চারটি ওয়ার্ডে জারি করা হয়েছিল ১৪৪ ধারা। বৃহস্পতিবার রাধিকাপুরেও জারি করা হয়েছে ১৪৪ ধারা। সেই সঙ্গে যাতে কোনও গুজব রটিয়ে কেউ অশান্তি ছড়াতে না পারে সেকারণে ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গ্রামের বাইরে একটি পুলিশ ক্যাম্প করা হয়েছে।
সেই সঙ্গে চলছে নাকা চেকিং। কেই গ্রামের ভেতরে ঢুকতে গেলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আবার গ্রাম থেকে বেরোতে গেলেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রী দাবি করেছেন বিহার থেকে লোক এনে কালিয়াগঞ্জে অশান্তি পাকানো হয়েছে। যাঁরা থানায় আগুন ধরিয়েছিলেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরেই রাধিকাপুরের এই ঘটনা।

সূত্রের খবর কালিয়াগঞ্জে পুলিশকে মারধর এবং থানায় অগ্নিসংযোগের ঘটনায় রাধিকাপুরের বিজেপি পঞ্চায়েত সদস্য বিষ্ণু বর্মনের যোগ ছিল বলে জানতে পারে পুলিশ। গতকাল রাতেই তাই তার বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। কিন্তু তাকে না পেয়ে সদ্য বিবাহিত মেয়ে জামাইকে নিয়ে যেতে চেয়েছিল তারা। কিন্তু বিষ্ণু বর্মনের ভাইপো মৃত্যুঞ্জয় বর্মণ তাতে বাধা দেয়। তারপরেই পুলিশের গুলিতে মারা যান তিনি।
প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন বিনা প্ররোচনাতেই পুলিশ গুলি চালিয়ে ২ রাউন্ড গুলি চালানো হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রীকেই দায়ী করেছেন পরিবারের লোকেরা। এখনও ময়নাতদন্ত শেষ হয়নি। তার আগেই গোটা গ্রাম ঘিরে ফেলা হয়েছে পুলিশে। কোনও রকম জমায়েত যাতে না করা যায় তার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। গুজব যাতে কেউ ছড়াতে না পারে তার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বহিরাগত কেউ যাতে গ্রামে ঢুকতে না পারে তার জন্য বসেছে পুলিশ ক্যাম্প।












Click it and Unblock the Notifications