খাটের পাশে লুকিয়ে থাকা পুলিশকে বের করে মার! ঝরল রক্ত, আশঙ্কাজনক দুই
Kaliaganj INCIDENT: কালিয়াগঞ্জের ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি! একেবারে থানায় ঢুকে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনায় শিউরে উঠেছে গোটা রাজ্য। শুধু তাই নয়, প্রাণে বাঁচতে থানা থেকে পালিয়ে গেলেন পুলিশ কর্মীরা। শুধু তাই নয়, লোকের বাড়ির খাটের পাশে লুকিয়ে প্রাণে বাঁচার মরিয়া চেষ্টা চালালেন তাঁরা।
কিন্তু তাতেও রক্ষা পেলেন না কর্মীরা। লুকিয়ে থাকা পুলিশ কর্মীদের বার করে এনে বেধড়ক মার জনতার। ইতিমধ্যে চাঞ্চল্যকর একটি ভিডিও সামনে এসেছে। যা দেখে রীতিমত চমকে উঠছেন রাজ্যের মানুষ। ঘটনার প্রতিবাদ করলেও পুলিশকে এভাবে মার মোটেই ভালো ভাবে নিচ্ছেন না রাজ্যের মানু্ষ। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ হাত জোড়ো করে প্রাণভিক্ষা চাইছে। আর একদল মানুষ তাঁদের মেরেই যাচ্ছে। আর মারের চোটে কারোর মুখ থেকে ঝরছে রক্ত তো কারোর আঘাত গুরুতর।

শুধু পুলিশ কর্মীদেরই নয়, আরও একটি ভাইরাল ভিডিওতে সিভিক ভলেন্টিয়ারদেরও বেধড়ক মারধর করতে দেখা যাচ্ছে। এলাকার একটি বাড়িতে লুকিয়ে থাকার চেষ্টা করলেও রক্ষা মেলেনি। সেখানে ঢুকেও চলল মারধর। পরিস্থিতি থামাতে গিয়ে ওই বাড়ির সদস্যকেও মারধর করা হয়েছে বলে খবর।
যদিও এহেন ভাইরাল ভিডিওয়ের সত্যতা ওয়ান ইন্ডিয়া বাংলা যাচাই করে দেখেনি। অন্যদিকে কালিয়াগঞ্জে বিক্ষোভের নামে যেভাবে একদল দুষ্কৃতী তাণ্ডব চালালো তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন উত্তরবঙ্গের এডিজি আইন-শৃঙ্খলা অজয় কুমার। তিনি বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে। খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ কর্তা।
জানা গিয়েছে, মঙ্গলবারের আন্দোলনে মোট ১৭ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
এদিন এডিজি আইন-শৃঙ্খলা অজয় কুমার প্রথমে কালিয়াগঞ্জ থানা এসে আহত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর যেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় সেই থানা চত্বরে গিয়ে সরজমিনে গোটা পরিস্থিতি পরিদর্শন করেন উত্তরবঙ্গের এডিজি আইন-শৃঙ্খলা।

অন্যদিকে কালিয়াগঞ্জের ঘটনার জেরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত কালিয়াগঞ্জ শহরের ৪, ৫, ৬, ১১ নম্বর ওয়ার্ডে ১৪৪ ধারা জারি করা হয়েছে কালিয়াগঞ্জ থানার পুলিশ-প্রশাসনের তরফে। তবে ঘটনার প্রায় কয়েক ঘন্টা কেটে গেলেও থমথমে কালিয়াগঞ্জ। সকাল হতেই থানা এবং শহর পরিচ্ছন্নতার কাজ চলছে। তবে এখনও পর্যন্ত গোটা এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ইট, বাশ। কার্যত ধ্বংসের চেহারা কালিয়াগঞ্জ শহরে। বিশেষ করে থানা এলাকা, বয়রাকালীবাড়ি চত্বর, সুকান্ত মোড়, গুদরি বাজার, শ্মশান রোড সহ বিভিন্ন জায়গায় ইট বাশ পড়ে রয়েছে। যানবাহন চলাচল করলেও সেভাবে দোকান পাট খোলেনি।












Click it and Unblock the Notifications