Panchayat Election Results 2023: ৪৭! শেষ কোথায়? মালদহে জোড়া খুন, সাগরদিঘির আক্রান্তও মৃত্যুমিছিলে
Panchayat Election Results 2023: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকে শুরু করে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেই সংখ্যাটি বেড়ে হয়েছে ৪৭।
মালদহের রতুয়ায় ভোট গণনার দিনই কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসর বিরুদ্ধে। আবার চাঁচলে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে। মুর্শিদাবাদের সাগরদিঘির আক্রান্তেরও আজ মৃত্যু হয়েছে।

মালদহের রতুয়ার ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুরে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী, তাঁর স্বামী ও দলীয় কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন ৫ কংগ্রেস কর্মী। আহতরা চিকিৎসাধীন হাসপাতালে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে। মৃত কংগ্রেস কর্মীর নাম ফটিকুল হক, বয়স ২৪। আহত হয়েছেন হবিবুর রহমান-সহ মোট পাঁচজন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী রোজিনা বিবি। এরপর এলাকায় বিজয় মিছিল বের হয়। ফটিকুল হকের বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিলেন রোজিনার স্বামী ও দলীয় কর্মীরা। তারই প্রতিবাদ করেছিলেন ফটিকুল। সেই সময় তাঁকে বেধড়ক মারধর করা হয়। মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ।
তাঁকে বাঁচাতে আসেন ফটিকুলের মামা হবিবুর রহমান-সহ পরিবারের সদস্যরা। মারধর করা হয়েছে তাঁদেরও। আহত সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ফটিকুল ও তাঁর মামা হবিবুরকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা চলাকালীন বুধবার সকালে মৃত্যু হয় ফটিকুল হকের। ঘটনার তদন্তে নেমেছে রতুয়া থানার পুলিশ।

মালদহেরই চাঁচলে বিজয় মিছিলকে কেন্দ্র করে শুরু হওয়া অশান্তিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তৃণমূলেরই অপর গোষ্ঠী ওই তৃণমূল কর্মীর উপর হামলা চালায়। ওই তৃণমূল কর্মী তাঁরই আত্মীয় জয়ী হওয়ায় বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন। তা থেকেই গণ্ডগোলের সূত্রপাত। পুলিশ আইন মেনে ব্যবস্থা নিক, বলছে তৃণমূল।
অন্যদিকে, মুর্শিদাবাদের সাগরদিঘিতে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক সংঘর্ষে ভোটের দিন আহত হয়েছিলেন কংগ্রেস কর্মী রাজেশ শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আনা হয়েছিল কলকাতার এসএসকেএম হাসপাতালে। আজ রাজেশের মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications