পঞ্চায়েতে প্রার্থী ঘিরে তীব্র অসন্তোষ, আলিপুরদুয়ারে এখনও মনোনয়নই জমা করতে পারল না তৃণমূল
মনোনয়ন জমা দেওয়ার ঘোষণার পর কয়েকদিন পার হয়ে গেল। তবে এখনও আলিপুরদুয়ার জেলার কোথাও তৃণমূল মনোনয়ন জমা দেওয়া শুরু করতে পারেনি বলে খবর।
আলিপুরদুয়ার জেলায় তৃণমূল শিবিরে পঞ্চায়েত প্রার্থী নিয়ে ক্ষোভ অব্যাহত বলে চারিদিক থেকে খবর আসছে। বিভিন্ন এলাকা থেকে ক্ষোভের চিত্র সামনে আসছে। সংবাদমাধ্যমে এমনকী সোশ্যাল মিডিয়ায় অনেকে ক্ষোভ উগড়ে দিচ্ছেন।

সোমবার সকালে জয়ঁগা ত্রিবেণী টোল এলাকায় কয়েকশো দলীয় কর্মী তৃণমূলের জেলা নেতা এবং জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মার বাড়িতে এসে প্রার্থী নিয়ে ক্ষোভ জাহির করে। এই ঘটনায় দৃশ্যতই অস্বস্তিতে তৃণমূল।
ত্রিবেণী টোল এলাকার তৃণমূলের বুথ সভাপতি ও বুথ কর্মীরা জানান, আমাদের গ্ৰামের তৃণমূলের সমস্ত কর্মীরা মিলে যাঁকে প্রার্থী করার জন্য প্রস্তাব পাঠিয়েছে, তাঁকে প্রার্থী না করে অন্য কাউকে প্রার্থী করা হচ্ছে। এই নিয়ে এলাকায় সমস্ত তৃণমূল কর্মীর মধ্যে ক্ষোভ। এই ঘটনা তাঁরা মানবেন না বলে হুঁশিয়ারিও দিয়েছেন। এরকম একাধিক ঘটনার জেরে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল বুথ কর্মীরা প্রার্থী নিয়ে ক্ষোভ প্রদর্শন করছেন।

যদিও এই বিষয়ে তৃণমূলের জেলার নেতা গঙ্গাপ্রসাদ শর্মা জানান, কোনও ক্ষোভ নয়, দলীয় কর্মীরা আমার বাড়িতে এসে তাঁদের কথা বলেছেন। আমরা সবার কথা শুনেছি। তিনি জানান, সম্ভবত একদিনের মধ্যেই সব এলাকায় তৃণমূলের মনোনয়ন জমার কাজ শুরু হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ার জেলার ৯৯৯টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ৫৪৮টি আসনে জিতেছে তৃণমূল, বিজেপি ৩০৭টিতে, সিপিআইএম ২৬টি ও কংগ্রেস ১৭টি আসনে জয়লাভ করেছে।












Click it and Unblock the Notifications