Panchayat Election 2023: স্কুল চলাকালীন তারস্বরে বক্স বাজিয়ে তৃণমূলের সভা! বিতর্কে মন্ত্রী, সরব বিজেপি
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেসের সভায় উপস্থিত থেকে বিতর্কে জড়ালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এমনকী বেকায়দায় পড়ে তৃণমূলের দুই নেতার গলায় ধরা পড়ল ভিন্ন সুর।
স্কুল চলাকালীন তার পাশের মাঠেই তারস্বরে বক্স বাজিয়ে সভা করল তৃণমূল কংগ্রেস। যার কড়া সমালোচনা করেছে বিজেপি।

দিনহাটা এক নম্বর ব্লকের নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলবাড়ি বাজার নব প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে স্কুল চলাকালীন বক্স বাজিয়ে তৃণমূলের নির্বাচনী প্রচার। যার জেরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গতকালই কোচবিহারে পৌঁছেছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
আজ নির্বাচনী প্রচারে তিনি যান নাজিরহাট ১ নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। অভিযোগ, এই সময় বেলবাড়ি বাজার নব প্রাথমিক বিদ্যালয়ে কচিকাঁচাদের ক্লাস চলছিল। এই স্কুল সংলগ্ন মাঠেই বক্স বাজিয়ে নির্বাচনী প্রচার করেন মন্ত্রী। ছিলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়-সহ অন্যান্য নেতৃত্ব।

এই সভার জেরে পড়াশোনা শিকেয় ওঠে। অসুবিধায় পড়তে হয় স্কুল ছাত্র-ছাত্রীদের। বিরোধীরা প্রশ্ন তুলছে, কীভাবে স্কুল চলাকালীন ঢিল ছোড়া দূরত্বের মাঠে এভাবে সভা করছে শাসক দল? কীভাবে প্রশাসন স্কুল চলাকালীন এই সভার অনুমতি দিল?

ক্যামেরায় ধরাও পড়ে স্কুল ছাত্র-ছাত্রীদের অসুবিধায় পড়ার দৃশ্য। অরূপ বিশ্বাস ও পার্থপ্রতিম রায়ের সাফাইয়েও দ্বিচারিতা স্পষ্ট। অরূপ বিশ্বাস বলেন, স্কুল ছুটি হয়ে গিয়েছে। তারপরেই সভা করেছি। এরপর আর তিনি কিছু বলেননি। পার্থপ্রতিম রায়ের বক্তব্য, স্কুলে মিড ডে মিল চলছিল। সেই সময় অল্প আওয়াজে বক্স বেজেছে!

দিনহাটার বিজেপি নেতা অজয় রায় বলেন, শাসক দল যেখানেই সরকারি কোনও সম্পত্তি পায় তা তাদের পৈতৃক সম্পত্তি বলে মনে করে। তাদের প্রচার বা অনুষ্ঠানের ক্ষেত্রে কোনও নিয়ম নেই। প্রশাসনেরও কোনও বাধা নেই! সমস্ত বাধা শুধুমাত্র বিরোধীদের। মানুষ দ্রুতই এ সব অনৈতিক কাজের জবাব দেবেন।












Click it and Unblock the Notifications