Panchayat Election 2023: তৃণমূল প্রার্থী আক্রান্ত শীতলকুচিতে! গোষ্ঠীকোন্দলের জের? পথ অবরোধ
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বের শেষেও অশান্তি থামার লক্ষণ নেই। এবার কোচবিহারের শীতলকুচিতে আক্রান্ত তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী। দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ করে টিএমসি।
যদিও তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আক্রান্ত প্রার্থীও বলেছেন, তাঁর বিরুদ্ধে বেশ কয়েকজন নির্দল হিসেবে দাঁড়িয়েছেন।

তৃণমূল প্রার্থীকে হাত-পা মুখ বেঁধে, বেধড়ক মারধর করে চোখে রাসায়নিক ঢেলে দেওয়ার অভিযোগ। জানা গিয়েছে, রাত আড়াইটে নাগাদ শীতলকুচি ২৭৮ নং বুথের বুথ সভাপতি এবং তৃণমূল প্রার্থী খবির হোসেন মিয়া তাঁর নিজের ঘরে একা শুয়ে ছিলেন। হঠাৎ করে বাড়ির টিন কেটে দুস্কৃতীরা ঘরে ঢুকে পড়ে।

এরপর খবির মিয়ার হাত, পা ও মুখ বেঁধে কয়েকজন মারধর শুরু করে। চোখে ঢেলে দেওয়া হয় রাসায়নিক। তাঁর স্ত্রী আওয়াজ পেয়ে ছুটে না এলে বড় অঘটন ঘটতেও পারতো। মারধর করার সময় ঘরের ভেতরে থাকা শোকেস পড়ে যাওয়াতেই বাড়ির লোকজন টের পান। এরপরই চম্পট দেয় দুষ্কৃতীরা।

আহত খবির মিয়াকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় শীতলকুচীর লালবাজার এলাকায় পথ অবরোধ শুরু করে তৃণমুল কংগ্রেস৷ ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়।

তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ বলেন, দুষ্কৃতীদের এই তাণ্ডব আমরা কোনভাবেই মেনে নিতে পারছি না। অবিলম্বে পুলিশ দোষীদের গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস।

কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন, কোন প্রার্থীর এই ধরনের অবস্থা হোত তা আমরা চাই না। দলমত নির্বিশেষে পুলিশ উপযুক্ত ভূমিকা গ্রহণ করুক। সারা রাজ্যজুড়ে দুষ্কৃতী তাণ্ডব চলছে। কে কার শত্রু বোঝার উপায় নেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীকোন্দল রয়েছে। দলীয় টিকিট না পেয়ে অনেকে নির্দল হয়ে দাঁড়িয়েছেন। তার জেরেও এই ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications