Panchayat Election 2023: দিনহাটায় নির্দল প্রার্থীর বাড়িতে হামলা ও লুঠপাট, আতঙ্কে মহিলারা, অভিযুক্ত তৃণমূল
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহারের দিনহাটায় অশান্তি থামার লক্ষণ নেই। ফের অশান্ত দিনহাটার গীতালদহ অঞ্চল। নির্দল প্রার্থী গ্রামছাড়া। তাঁর বাড়িতেই এবার হামলা ও লুঠপাটের অভিযোগ।
স্বাভাবিকভাবেই আতঙ্কিত প্রার্থীর পরিবার। পুলিশকে জানিয়েও লাভ হচ্ছে না বলে অভিযোগ। পুলিশি নিষ্ক্রিয়তাতেই শাসক দল বেপরোয়া হয়ে উঠেছে, মত রাজনৈতিক মহলের।

দিনহাটা ১ নং ব্লকের গীতালদহ ১ নং অঞ্চলের নির্দল প্রার্থীর বাড়ি ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ, গীতালদহ ১ নং অঞ্চলের কোনামুক্তা গ্রামের ৬/২৯২ বুথের নির্দল প্রার্থী আব্দুল জলিল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ৫০ হাজার টাকা, সোনার গয়না নিয়ে চম্পট দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
প্রার্থীর পুত্রবধূ নাজমা খাতুন বলেন, গতকাল রাতে গীতালদহ ১ নং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মাহফুজার রহমানের নেতৃত্বে বেশ কিছু দুষ্কৃতী তাদের বাড়িতে আসে। রাত দশটা নাগাদ হুমকি দিতে শুরু করে। পুলিশে ফোন করলে আশ্বাস আসে, আমরা টহল দিচ্ছি। আপনাদের কোনও চিন্তা নেই।

নাজমা আরও জানান, পুলিশের আশ্বাসের পরেও গভীর রাতে ফের বাড়ির দরজায় ধাক্কা দিয়ে নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে দরজা খুলতে বলে দুষ্কৃতীরা। ধাক্কা দিতে থাকে দরজায়। দরজা ভাঙার যখন উপক্রম তখন দরজা খুলে দিতেই ভিতরে ঢুকে মাথায় বন্দুক ঠেকিয়ে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। লণ্ডভণ্ড করে দেওয়া হয় ঘর।
প্রার্থীর পুত্রবধূ নাজমা জানান, আমার শ্বশুরকে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে। তিনি বর্তমানে বাড়ির বাইরে রয়েছেন। বাড়িতে শুধু আমরা মহিলারাই রয়েছি। উল্লেখ্য, এই বুথেই গত পঞ্চায়েত নির্বাচনে আব্দুল জলিল মিয়া নির্দলে জয়লাভ করার পর তৃণমূলে যোগদান করেন। তবে এবার তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী করেনি। তাই ফের নির্দল হয়ে দাঁড়িয়েছেন।

তৃণমূল কংগ্রেসের গীতালদহ ১ নং অঞ্চল সভাপতি মাহফুজার রহমান বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। ভিত্তিহীন কথা শোনার সময় আমার নেই। আমাদের এলাকায় তৃণমূল ছাড়া কোনও দলের অস্তিত্বই নেই।

দিনহাটার বিজেপি নেতা অজয় রায় বলেন, তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে এই ঘটনা। লাখ লাখ টাকা দিয়ে এবার অযোগ্যরা প্রার্থী হয়েছেন। যাঁরা তৃণমূল দীর্ঘদিন ধরে করেন তাঁদের প্রার্থী করা হয়নি। তাই অনেকেই নির্দল হয়ে দাঁড়িয়েছেন। তাঁদের জেতার সম্ভাবনা রয়েছে বুঝেই এখনকার প্রার্থীরা পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে।












Click it and Unblock the Notifications