Panchayat Election 2023: গণতন্ত্রের উৎসব কীভাবে হয় শেখাল পাহাড়, অবাধ-শান্তিপূর্ণ ভোট দার্জিলিংয়ে
নেই বোমা-গুলির লড়াই। নেই হুমকি, হুঁশিয়ারি। নেই ভোট লুঠ-ব্যালট পেপার ছিনতাই। কীভাবে গণতন্ত্রের উৎসব উদযাপন করতে হয় সেটা শিখিয়ে দিল পাহাড়। একদিকে যখন রক্তের হোলি খেলা চলছে সমতলে। পাহাড়বাসী তখন শৃঙ্খলাবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন।
ভোট হচ্ছে ভোট। গত একমাস ধরে রাজ্যবাসী দেখছেন ভোটের নামে কী হচ্ছে রাজ্যে। গত ৩০ দিনে রাজ্যে ৩৫ জনের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। কারণ শুধু ভোটের দিনেই রাজ্যে খুন হয়েছেন ১৫ জন। সকাল থেকেই জেলায় জেলায় অশান্তি। বোমাবাজি। গুলি চালানোর ঘটনা ঘটছে। ভোট দিতে যাওয়া তো দূরের কথা রাস্তায় বেরোতেই ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।

জেলায় জেলায় বুথ দখল। ভোট কর্মীদের ভয় দেখিয়ে মারধর করে ব্যালট পেপার ছিনতাই। ছাপ্পা ভোট হয়ে চলেছে। কোথাও আবার ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে। আবার কোথাও ব্যালট বক্সে জল ঢেলে দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি সমতলের জেলা গুলিতে।

এরই মধ্যে বিপরীত ছবি দেখা গেল পাহাড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুথে বুথে ভোটারদের লাইন বাড়ে। পাতলেবাসে ভোট দেন বিমল গুরুং। এবং পাহাড়বাসীকে শান্তিপূর্ণ ভোটদানের বার্তা দিয়েছেন তিনি। পাহাড়ে এখনও পর্যন্ত কোথাও কোনও অশান্তির খবর পাওয়া যায় নি। কালিম্পং এবং কার্শিয়াং থেকেও কোনও অশান্তির খবর আসেনি শান্তিপূর্ণ ভোটদান হয়েছে সেখানে।












Click it and Unblock the Notifications