Panchayat Election 2023: স্ট্রং রুমে ঢুকতে গিয়ে গ্রামবাসীদের তাড়া খেয়ে পালালেন মন্ত্রী! উঠল চোর-চোর স্লোগান
Panchayat Election 2023: স্ট্রং রুমে ঢোকার চেষ্টা রাজ্যে মন্ত্রী তথা মালদহের মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনের। রাতের অন্ধকারে। তবে সজাগ ছিলেন গ্রামবাসীরা। তাঁরাই তাড়া করলেন মন্ত্রীকে।
এমনই ভিডিও শেয়ার করে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করা হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফে। প্রতিরোধের ভিডিও দেখে উৎসাহিত বিরোধী শিবির।

কংগ্রেসের তরফে তিনটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি সাদা গাড়ি রাতের অন্ধকারে বেরিয়ে যাচ্ছে। তার পিছনে ধাওয়া করছেন কয়েকশো গ্রামবাসী। পুলিশের নিরাপত্তাতেই গাড়িটিকে বের করে দিতে দেখা যায়। যদিও পুলিশের বাধা কার্যত বালির বাঁধে পরিণত হয় প্রতিরোধের সুনামি আছড়ে পড়ায়।
উন্মত্ত জনতা গাড়িটিকে তাড়া করলে আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশকর্মীকে ছুটতে দেখা যায়। অত্যন্ত গতি নিয়ে গাড়িটি বেরিয়ে যায়। এরপরই পুলিশের উদ্দেশে জনগণকে বলতে শোনা যায়, পুলিশ চোর। অভিযোগ, পুলিশের সাহায্য নিয়েই স্ট্রং রুমে কারচুপির ঘটনা ঘটাতে চাইছে শাসক দল। এমনকী অনেকেরই আশঙ্কা, কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরিয়ে রাখা হয়েছে সিভিক ভলান্টিয়ারদের।
হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি স্কুলের স্ট্রং রুমে উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের ব্যালট বাক্স রাখা হয়েছে। সেখানে বিধায়ক নির্মল মাজি লোকজন নিয়ে ঢোকেন বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী দলের নেতা-কর্মীরা। বিক্ষোভ হঠাতে পুলিশকে লাঠিচার্জ করার পাশাপাশি টিয়ার গ্যাসের শেল ফাটাতে হয়েছে।

তারপর এবার মালদহের মোথাবাড়ির বিধায়ক তথা মন্ত্রীর স্ট্রং রুমে ঢোকার চেষ্টার অভিযোগ ঘিরে সরগরম রাজনৈতিক মহল। কংগ্রেসের দাবি, এটাই তৃণমূলের কাজ। তবে গ্রামবাসীরা সজাগ ছিলেন। সে কারণেই তাঁর অপচেষ্টা রোখা সম্ভব হয়েছে। চোরের মতো পালিয়ে বেঁচেছেন মন্ত্রী। তৃণমূলের জমানায় রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অবিশ্বাস্য!
উল্লেখ্য, এর আগেও এই মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে চোর-চোর স্লোগান শুনতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেও তেমনই পরিস্থিতির মুখোমুখি হন। ভিডিও ভাইরাল হলে সাবিনা বলেছিলেন, তৃণমূলে থেকে বড় হওয়া অনেকে অন্য দলে গিয়ে এইসব করছেন। তাঁরা তৃণমূল ছেড়ে বেরিয়ে যাওয়ায় দলেরই ভালো হয়েছে।
যদিও এদিন কংগ্রেসের শেয়ার করা ভিডিও (যার সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বাংলা)-তে একজন মহিলাকে বলতে শোনা গিয়েছে, যেভাবে মন্ত্রীর গাড়িকে তাড়া করে তাঁর স্ট্রং রুমে ঢোকা আটকানো গিয়েছে তা সঠিক পথ। এ প্রসঙ্গে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, গণতান্ত্রিক প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষই রাত জেগে পাহারা দিচ্ছেন স্ট্রংরুম। এমন প্রতিরোধ চলবে।












Click it and Unblock the Notifications