Panchayat Election 2023: বিজেপি প্রার্থীর 'প্রস্তাবক' দেওর খুন! অভিযুক্ত তৃণমূল, দিনহাটায় চাঞ্চল্য
Panchayat Election 2023: বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি দিনহাটা ২ নম্বর ব্লকের কিসামত দশগ্রাম এলাকার। মৃত শম্ভু দাসকেও নিজেদের কর্মী বলে দাবি করেছে বিজেপি।
গতকাল রাত আনুমানিক একটা নাগাদ ওই বিজেপি কর্মীকে পুলিশ রক্তাক্ত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই।

জানা গিয়েছে, বিজেপি প্রার্থীর পরিবারের ওই সদস্যকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। বাড়ির অদূরেই দেহ পড়ে ছিল। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। মৃত শম্ভু দাসের বৌদি বিজেপি প্রার্থী বিশাখা দাস।

মৃতের বাবা নরেন দাস বলেন, রাতের বেলা ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। আমার মেজো ছেলের বউ বিজেপি প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন। সে কারণেই শম্ভুকে খুন করা হয়েছে। আপাতত দিনহাটা মহকুমা হাসপাতালে শম্ভুর দেহ রয়েছে।

তৃণমূল কংগ্রেসের মন্ত্রী উদয়ন গুহর দাবি, এই ঘটনায় কোনওভাবে তৃণমূল যুক্ত নয়। রাজনীতিরও যোগ নেই। গোটা বিষয়টিতে রাজনীতির রং লাগাচ্ছে বিজেপিই। উদয়নের কথায়, যে কোনও মৃত্যু দুঃখজনক। তবে শম্ভু রাজনীতি করতেন না। তাঁকে খুন করে তৃণমূলের লাভের কিছু নেই। যদি সেটাই হতো তাহলে শম্ভুর বৌদি বা তাঁর স্বামী খুন হতেন!

উদয়ন আরও জানান, এই খুনের ঘটনার সঙ্গে মহিলা সংক্রান্ত বিষয়ের যোগ রয়েছে। জানতে পেরেছি যে মেয়েটিকে নিয়ে মূল বিষয়, তাঁর সঙ্গে তাঁর মাকেও পুলিশ গ্রেফতার করেছে। শম্ভু তাঁর বৌদির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রস্তাবক ছিলেন বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে উদয়ন বলেন, প্রস্তাবক যে কেউ হতে পারেন। লোক না পেলে বাড়ির লোককে প্রস্তাবক করা হয়।
পুলিশ বিষয়টি নিয়ে মুখ খোলেনি। তদন্ত শুরু হয়েছে। জানা যাচ্ছে, এখনও সুনির্দিষ্ট কারও নামে অভিযোগ দায়ের হয়নি। রাতে খাওয়া-দাওয়ার পর কারা ডেকে নিয়ে গিয়ে শম্ভুকে খুন করল সে বিষয়েও নিশ্চিত নয় পরিবার। তবে শম্ভুর কোনও শত্রু ছিল না বলেই দাবি তাঁর বাবার। বিজেপিকে পছন্দ করেই সেই দলের হয়ে কাজ করতেন বলে জানা গিয়েছে।
বিজেপি নেতৃত্বর দাবি, এই ঘটনা উদয়ন গুহর অঙ্গুলিহেলনেই হয়েছে। আগেও বিজেপি কর্মী খুন হলে ব্যবস্থা নেয়নি পুলিশ। অবিলম্বে উদয়নকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications