North Bengal Flood: অবিশ্রান্ত বৃষ্টিতে টইটম্বুর নদী, প্লাবিত কার্শিয়াং থেকে কোচবিহারের বিস্তীর্ণ এলাকা
টানা বৃষ্টিতে টইটম্বুর নদী। নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। পাহাড়ি নদী ছাপিয়ে জল ঢুকে পড়ছে লোকালয়ে। এমননিতেই অতি বৃষ্টির প্রকোপ। তারপর নদীর জল ঢুকে বানভাসি অবস্থা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার। কার্শিয়াংয়ের পাহাড়ি এলাকা থেকে জলপাইগুড়ির তরাই-ডুয়ার্সেও পড়েছে প্রভাব।
টানা বৃষ্টিতে কার্শিয়াংয়ের ৭ নম্বর ওয়ার্ডের শেরপা বসতি প্লাবিত হয়েছে। পাশাপাশি সাবিত্রী দেবী রোডের শেরপা বসতিতে প্রবেশের রাস্তায় ধস নেমেছে। ফলে রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। ধসের কবলে পড়ে স্থানীয় বাসিন্দা প্রদীপ শেরপার বাড়ি ও ছিরিং খাইবার ভবনটি বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে।

শুক্রবার দুপুর ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে স্থানীয় জিটিএ সদস্য শ্যাম শেরপা ঘটনাস্থলে পৌঁছে এলাকা পরিদর্শন করেন। স্থানীয় কিছু যুবকদের উদ্যোগে রাস্তার ওপর থেকে পাথর সরিয়ে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেন। শ্যাম শেরপা বলেন, কার্শিয়াং পুরসভা এবং সংশ্লিষ্ট বিভাগগুলির পাশাপাশি জিটিএ প্রধান অনীত থাপাকেও এই বিষয়ে অবহিত করা হয়েছে।
এদিকে একটানা বৃষ্টিতে জলপাইগড়ির জঙ্গল জলমগ্ন হয়ে পড়ায় লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণী। বণ্যপ্রাণীর তাণ্ডবে জখম হয়েছেন পাঁচজন। নদীগুলো ফুলেফেঁপে ওঠায় জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। লাগাতার বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাশাপাশি জঙ্গল জলমগ্ন হয়ে পড়ার কারণে মানুষের পাশাপাশি বন্যপ্রাণীগুলোও সমস্যায় পড়েছে।
জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে প্রায় পাঁচ-ছয়টি বন্য শুকর। আর বন্য শুকরের তাণ্ডবেবে জখম হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্ৰাম পঞ্চায়েতের কুর্শামারি সংলগ্ন ময়নাগুড়ি ব্লকের বেতগাড়া কলোনি এলাকায়। শুকরগুলিকে ধরতে গেলে পাঁচ জনকে জখম করে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে লাগাতার বর্ষণের কারণে জল বাড়তে শুরু করেছে তোর্সায়। কোচবিহার শহর প্রায় জলমগ্ন। বর্ষার জল বাড়ার ফলে প্রতিবারের মতো এবারেও অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন তোর্সা-পাড়ের বাসিন্দারা। জল বন্টন বিভাগ থেকে আধিকারিকরা এলেও ওই এলাকায় এখনও পর্যন্ত কোনওরকম জনপ্রতিনিধিকে দেখা যায়নি বলেই অভিযোগ।
তোর্সার জল বাড়ার ফলে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর-সহ অধিকাংশই ডুবে গিয়েছে। ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তোর্সাপাড়ের ওই এলাকাগুলোতে। তোর্সা পাড়ে থাকা একটি ব্রিজ ধসে গিয়েছে। বৃহস্তিবার দুপুর থেকে রাত পর্যন্ত টানা বৃষ্টিতে ওই জল ভয়াবহ আকার ধারণ করেছে। শুধু তোর্সাই নয়, জল বাড়ছে অন্যান্য নদীতেও।












Click it and Unblock the Notifications