দার্জিলিং-এ শক্তিবৃদ্ধি তৃণমূলের! কয়েক হাজার নেতাকর্মীর যোগদান শাসকদলে
লোকসভা নির্বাচনের আগে শক্তিবৃদ্ধি হল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের। বিভিন্ন দল ছেড়ে প্রায় তিন হাজারেরও বেশি নেতা কর্মী যোগদান করলেন শাসকদলে। এদিন শিলিগুড়ির বর্ধমান রোডে একটি বেসরকারি ভবনে যোগদান কর্মসূচি সম্পন্ন হয়।
বিজেপির বহু নেতা কর্মীর পাশাপাশি, সিপিএম ও কংগ্রেস দল ছেড়ে প্রচুর কর্মী সমর্থকের এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে দাবি শাসক শিবিরের। এই কর্মী সমর্থকরা যেমন শিলিগুড়ি পুরনিগম এলাকার বিভিন্ন দলের হয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছিলেন তেমনই শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকারও বিভিন্ন দলের সক্রিয় নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

বিজেপি থেকে যাঁরা তৃণমূলের যোগদান করেছেন, তাঁদের অভিযোগ, তাঁরা সাধারণ মানুষের জন্য কোনও কাজ করে উঠতে পারছিলেন না। তাদের দাবি, রাজ্য সরকারের বহু প্রকল্প আছে যা সাধারণ মানুষের উপকারে লাগে। সেই সমস্ত প্রকল্পের কাজ করে তাঁরা সাধারণ মানুষের আরও কাছে যেতে পারবেন।
সম্প্রতি বিজেপির জেলা সভাপতির পদ থেকে বিধায়ক আনন্দময় বর্মনকে সরিয়ে দেওয়ার পর থেকেই বিজেপি দলের অন্দরে ঠান্ডা লড়াই চলছে। প্রায় ৫০ জন বিজেপি নেতা তাদের পদ থেকে ইস্তফা দেন। বিজেপির যে কোনও কর্মসূচি থেকেও তারা নিজেদের সরিয়ে রাখছিলেন।
এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের যেন হিড়িক লেগেছিল। স্বাভাবিক ভাবেই লোকসভা নির্বাচনের আগে বিজেপি দলের অভ্যন্তরে একটা বড়াসড় ধাক্কা খেল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, মিলি সিনহা থেকে শুরু করে তৃণমূলের চেয়ারম্যান অলক চক্রবর্তী, মুখপাত্র বেদব্রত দত্ত, যুব সভাপতি নির্ণয় রায় সহ অন্যরা।












Click it and Unblock the Notifications