তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েতে নির্দল প্রার্থী দাঁড় করাবেন দলেরই বিধায়ক! নয়া ঘোষণায় বিদ্রোহ জারি
পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই প্রকাশ্যে আসতে শুরু করেছে শাসক দল তৃণমূলের কোন্দল। এবার তৃণমূলের সংখ্যালঘু বিদ্রোহী বিধায়ক বিস্ফোরক মন্তব্য করে বসলেন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে। তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেই তিনি বললেন, এবার নির্দল প্রার্থী দাঁড় করাবেন তিনি।
তৃণমূলে দীর্ঘদিন ধরেই বিদ্রোহী ইসলামপুরের বিধায়র আবদুল করিম চৌধুরী। সম্প্রতি জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল তাঁর সঙ্গে বৈঠক করে দেলেও তাঁর মান যে ভাঙেনি পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পরই ফের পরিস্ফুট হল। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রাতেও যাননি।

বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে যাওয়ার পর এবার ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী ঘোষণা করে দিলেন পঞ্চায়েতে তিনি নির্দল প্রার্থী দাঁড় করাবেন। ইসলামপুর বিধানসভা কেন্দ্রের ১১টি পঞ্চায়েতে নির্দল প্রার্থীদের মনোনয়ন দেবেন বলে প্রকাশ্যে ঘোষনা করলেন বিধায়ক করিম চৌধুরী।
তিনি বলেন, স্বচ্ছ,পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যেই তাঁর এই পদক্ষেপ। মনোনীত প্রার্থীদের নিয়ে শনিবার নিজের বাসভবনে বৈঠক করেন বিধায়ক আবদুল করিম চৌধুরী। এই বৈঠককে কেন্দ্র করে জেলার রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। এখন দেখার নিজেকে বিদ্রোহী হিসেবে ঘোষিত বিধায়কের এই পদক্ষেপের পর দল কী ভূমিকা নেয়।
বেশ কিছুদিন যাবৎ উত্তর দিনাজপুরের ইসলামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক আবদুল করিম চৌধুরীর সঙ্গে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিবাদ চরমে উঠেছে। জেলা সভাপতির অনুগামী ব্লক সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে বিধানসভা ভোটে তাঁকে হারানোর চেষ্টার অভিযোগ করেন করিম চৌধুরী।

এখন তিনি অভিযোগ করেন, ব্লক সভাপতির অনুগামীদেরই পঞ্চায়েত ভোটে প্রার্থী করা হচ্ছে। বিধায়ককে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে তাঁর অভিযোগ। তাঁর কথায়, জাকির হোসেনের মনোনীতরা পঞ্চায়েত ভোটে প্রার্থী হচ্ছে। যাঁরা প্রার্থী হচ্ছেন, তাঁরা আবার আগামী বিধানসভা নির্বাচনে তাঁকে হারানোর জন্য সমস্তরকম চেষ্টা চালাবেন।
বিধায়ক আবদুল করিম চৌধুরীর অনুগামীরা এই অবস্থায় টিকিট না পেয়ে দল ছেড়ে কংগ্রেস, বিজেপি বা সিপিএমে যোগ দেবেন। কিন্তু সেটা তিনি চান না। তাই দূর্নীতি মুক্ত স্বচ্ছ পঞ্চায়েত গড়তে বিধায়ক ১১টি গ্রাম পঞ্চায়েতে প্রার্থী তালিকা তৈরী করেছেন তিনি।
এমনকী সেই তালিকা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েও দিয়েছেন বলে দাবি তাঁর। দল সেই তালিকা অনুমোদন না করলে তিনি তাঁদের করিম চৌধুরী অনুগামী নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দলের অনুশাসনের বাইরে গিয়ে নির্দল প্রার্থীদের জয়ী করতেও প্রচার চালাবেন বলে জানিয়ে দেন।












Click it and Unblock the Notifications