বাজার, দোকান করা বন্ধ, মালদহে সালিশি সভায় দলের কর্মীকে সমাজচ্যুত করল তৃণমূল নেতা
জমি নিয়ে বিবাদের জের। বিবাদ মেটাতে সালিশি সভা। তৃণমূল নেতা সালিশি করেন। সেখানে দলের কর্মীকেই সমাজচ্যুত করার নিদান দেওয়া হল। সমাজচ্যুত তৃণমূল কর্মী সমর্থক ওই পরিবার গ্রামছাড়া। অভিযুক্ত, তৃণমূল প্রধানের স্বামী, স্থানীয় তৃণমূল নেতা, কর্মীরাই। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি বিধানসভার রাজনগর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রামে।
সালিশি সভার নিদান, ওই পরিবারের সঙ্গে কেউ কথা বললে দিতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা। কোনও দোকানদার জিনিস বিক্রি করবে না। বন্ধ ওই পরিবারের মুদির সরঞ্জাম। নিয়মিত বাজারহাট, নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি বারণ। এমনকী বাড়িতে অসুস্থ হলেও ওষুধ কিনতে পারবে না ওই পরিবার।

শুধু তাই নয়, বন্ধ মসজিদে যাওয়া। ঈদেও এবার নমাজ পড়েনি ওই পরিবার। একবিংশ শতাব্দীতে এ এক ভয়াবহ ঘটনার কথা উঠে এল! তাও আবার খোদ এই রাজ্যে। তৃণমূল সরকারের আমলে তাদেরই দলের কর্মীর পরিবারকে নিদান দেওয়া হল। আর নিদান দিলেন দলেরই অন্য নেতা - কর্মীরা।
এই নিয়ে মুখ্যমন্ত্রীকে আর্জি জানিয়ে চিঠি দিয়েছে ওই পরিবার। অভিযোগের কথা ডিএম, এসপি, থানা সহ সব জায়গায় জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার নয় জন। তবে এখনও মূল অভিযুক্ত গ্রেফতার হয়নি বলে দাবি ওই পরিবারের। তৃণমূল কর্মী হয়েও তৃণমূল নেতার দাপটে এখনও গ্রামে ঢুকতে পারছেন না তাঁরা।
সমাজচ্যুত পরিবারের সদস্য আজহার শেখ বলেন, জমি নিয়ে বিবাদের জেরে ঝামেলা হয়। সালিশির পর সমাজচ্যুত করা হয়। সম্প্রতি ঈদের নমাজ পড়তে গেলে তাদের বেধড়ক মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। গোটা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানালে প্রণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
রাতে বাড়িতে ঢুকে মারধর করে জিনিসপত্র ভেঙে দেয়। পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় আক্রান্তদের। অভিযুক্তদের উপযুক্ত শাস্তি ও সমাজে ফিরতে চাইছে ওই পরিবার।
দক্ষিণ মালদহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে শাসক দল তৃণমূল চারিদিকে তোলাবাজি, গুন্ডামি করছে। এটা তাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। কালিয়াচকের মোথাবাড়িতেও এই কাজ করছে। পুলিশ সমস্ত কিছু জেনেও চুপ থাকে।
রাজ্যের সেচ ও উন্নয়ন দফতরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, প্রশাসন বিষয়টি দেখছে। ওই ভাবে কোনও ব্যক্তিকে সমাজচ্যুত করা যায় না। পুলিশ নয় জনকে গ্রেফতার করেছে। এই ঘটনা মোটেও কাম্য নয়।












Click it and Unblock the Notifications