ভারী বৃষ্টিতে পুরনো মালদহের বহু এলাকা জলমগ্ন, দুর্ভোগে মানুষ
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছেই। চলতি সপ্তাহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর৷ মালদহ জেলাতেও ভারী বৃষ্টি হচ্ছে চলতি সপ্তাহে।
বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল পুরাতন মালদহ পুরসভার একাধিক এলাকা। বিশেষ করে বৃষ্টির জল জমে চরম দুর্ভোগময় পরিস্থিতি তৈরি হল পুরাতন মালদহ পুরসভার ১৩ এবং ১৪ নং ওয়ার্ডের একাধিক এলাকা।

এই দুই ওয়ার্ডের মঙ্গলবাড়ি ঘোষপাড়া, খইহাট্টা, কর্মকারপাড়া এলাকায় জল জমে গিয়েছে। চলতি সপ্তাহে ভারী বৃষ্টি হচ্ছে এই জেলায়৷ ফলে ধারাবাহিক বৃষ্টিতে জল বাড়ছে ওই এলাকাগুলোয়। এর সঙ্গে আছে বেহাল নিকাশি ব্যবস্থা।
বৃহস্পতি বার বেহাল নিকাশি ব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা। এদিকে বৃষ্টিতে জল জমে দুর্ভোগময় পরিস্থিতি তৈরি হয়েছে। খবর পেয়েই ওই এলাকায় ছুটে গেলেন পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি গোটা এলাকার পরিস্থিতি সরজমিনে ঘুরে দেখেন।
আপাতত পাম্প চালিয়ে জল নিষ্কাশন করার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়াও জল জমার সমস্যার স্থায়ী সমাধানে বর্ষার পরে হাইড্রেন তৈরির আশ্বাস শোনালেন তিনি। এলাকার দোকান - বাজারে জল ঢুকে রয়েছে। বহু বাড়িতেও এক তলার অনেক অংশে জল ঢুকে রয়েছে৷ জমা জলে রয়েছে সাপখোপের ভয়। দুশ্চিন্তার মধ্যে এলাকার বাসিন্দারা।
চলতি সপ্তাহে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। দার্জিলিং, কালিম্পং দুই জেলাতেই অতি বৃষ্টি দেখা যাচ্ছে। ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ আছে। এছাড়াও বহু রাস্তায় ধস নেমেছে৷ যোগাযোগ ব্যবস্থায় যথেষ্ট সমস্যা রয়েছে৷ নদীগুলোর জলের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে৷












Click it and Unblock the Notifications