মমতার নিশানায় ১০০ কোটি টিকাকরণ থেকে ত্রিপুরা! শিলিগুড়ির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে বিজেপিকে কড়া আক্রমণ
উত্তরবঙ্গ সফরের প্রথমেই শিলিগুড়িতে বিজয়া সম্নিলনীতে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করেন ত্রিপুরা (Tripura) এবং উত্তর প্রদেশ
উত্তরবঙ্গ সফরের প্রথমেই শিলিগুড়িতে বিজয়া সম্নিলনীতে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করেন ত্রিপুরা (Tripura) এবং উত্তর প্রদেশ নিয়ে। এছাড়াও তিনি সারা দেশে ১০০ কোটি টিকাকরণ(vaccination) নিয়ে যে প্রচার করা হচ্ছে, সেই বিষয়টিকেও কটাক্ষ করেন।

১০০ কোটি টিকাকরণ নিয়ে কেন্দ্রকে নিশানা
দেশে ১০০ কোটি টিকা দেওয়া হয়েছে। এদিনে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ হল, এমনভাবে প্রচার করা হচ্ছে যেন দেশের ১০০ কোটি মানুষের টিকাকরণ হয়ে গিয়েছে। তিনি এদিন শিলিগুড়িতে বলেন ডাবল জোড ১০০% না হলে টিকাকরণ ১০০ শতাংশ বলা যায় না। এরপরেই তিনি বলেন দেশের মাত্র ২৯.৫১ কোটি মানুষের ডাবল ডোজ হয়েছে। কটাক্ষ করে তিনি বলেন, মিলিজুড়ি করে জুমলা করে দিয়েছে কেন্দ্র। তিনি বলেন, দেশের এখনও ৩৫ কোটি মানুষ টিকার একটাও ডোজ পায়নি। আর বাচ্চাদের সংখ্যাটা ধরলে ৬০ থেকে ৬৫ কোটি হয়ে যাবে।

বাংলায় ভালবাসার শান্তি
মুখ্যমন্ত্রী এদিন শিলিগুড়িতে প্রশ্ন করেন, নির্বাচনের পর থেকে রাজ্যে কটা হিংসার ঘটনা ঘটেছে? মুখ্যমন্ত্রী বিজয়া সম্মিলনীতে উপস্থিত এসপি, ডিএমদের উদ্দেশে প্রশ্ন করেন, উত্তরবঙ্গেই বা কটা হিংসার ঘটনা ঘটেছে। এরপরেই তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভালবাসার শান্তি বিরাজ করে, শ্মশানের শান্তি নয়। এই প্রেক্ষিতে তিনি বিএসএফ-এর কাজের পরিধি ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি করার প্রবল বিরোধিতা করেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজনৈতিক লোকের এসব করছে মানুষে মানুষে ঝগড়া লাগাতে। মুখ্যমন্ত্রী দাবি করেন পশ্চিমবঙ্গের সঙ্গে প্রতিবেশী নেপাল, ভূটান এবং বাংলাদেশের সম্পর্ক ভাল। মুখ্যমন্ত্রী বলেন, ভাগে ভাগে বিভক্ত নয়, সবাই একই। সবাই এক হলেই শান্তি আসে, শক্তি আসে।

ত্রিপুরা নিয়ে বিজেপিকে নিশানা
বাংলার মুখ্যমন্ত্রী ত্রিপুরার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বিজেপিকে নিশানা করেন। তিনি বলেন বাংলা আর ত্রিপুরা এক নয়। বিজেপির নেতারা বাংলায় হিংসার কথা না বলে ত্রিপুরায় কী হচ্ছে দেখুন। তিনি বলেন, ত্রিপুরায় যেই যাচ্ছে তাঁর ওপরে আক্রমণ করা হচ্ছে। তিনি উল্লেখ করেন সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতার ওপরে হামলা করা হয়েছে। এছাড়াও মামুন খান নামে দলের এক নেতার ওপরে হামলা করা হয়েছে। তাঁকে ত্রিপুরায় পর্যাপ্ত চিকিৎসা পর্যন্ত করায় বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত মামুন খানকে আগরতলা থেকে এনে এসএসকেএম-এ ভর্তি করানো হয়েছে।

জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে বিজেপিকে নিশানা
মুখ্যমন্ত্রী এদিন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। তিনি বলেন, প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাচ্ছে। জিনিসপত্রের দাম বাড়ছে। মানুষের দুঃখ বাড়ছে। তিনি প্রশ্ন করেন, মানুষের হয়ে প্রতিবাদ করবে কে? মুখ্যমন্ত্রীই এর উত্তর দিয়ে বলেন, উৎসবও করব, মানুষের হয়ে প্রতিবাদও করব।












Click it and Unblock the Notifications