আদিবাসী, চা শ্রমিক, সাধারণ মানুষের ভোটব্যাঙ্ককে পেতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়?
লোকসভা নির্বাচনের আগে যেন আবার ঝুলি উপুড় করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে গিয়ে কার্যত তিনি যেন কল্পতরুর ভূমিকায়। জমির পাট্টা দিলেন চা বাগানের শ্রমিকদের। আদিবাদীদের জন্যও এবার তিনি বিশেষ নজর দিয়েছেন। আলিপুরদুয়ারে এসে রবিবার আরও উন্নয়নের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
সামনেই লোকসভা ভোট। আর এবার উত্তরবঙ্গে এখন থেকেই সফর শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গ মুখ ফিরিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কেবল মালদার একটা আসন ছাড়া বাকি সব আসনই বিজেপির ঘরে গিয়েছিল।

এবার কি তাই শুরু থেকেই মানুষের কাছাকাছি পৌঁছাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এদিকে চা শ্রমিক, আদিবাসী জনজাতিরা। অন্যদিকে সাধারণ গ্রামের গৃহবধূরা৷ তৃণমূলের ভোটব্যাঙ্ককে এবার আগে থেকেই সুরক্ষিত করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো? সেই কারণেই কি তিনি এবার হাতের মুঠো উন্মুক্ত করেছেন।
এবার চা বাগানের শ্রমিকদের মন জয় করতে চাইছেন মমতা। মহিলা কর্মীদের সঙ্গে চায়ের বাগানে পাতা তুলেছেন তিনি। এরপর জমির পাট্টা বিলি করলেন। আলিপুরদুয়ারের মঞ্চ থেকে ৬ হাজার জমির পাট্টা বিলি করা হল৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "চা বাগানের প্রতিটি শ্রমিক জমির পাট্টা পাবেন। এটা আমাদের প্রতিজ্ঞা। এজন্য এলাকায় অনেক জমি অধিগ্রহণ করেছি।"
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি মিলিয়ে মোট ১৩ হাজার জমির পাট্টা দেওয়া হবে। আগামী দিনে আরও পাট্টা দেওয়ার ব্যবস্থা করা হবে। আগামী দিনে ঘর তৈরির টাকাও রাজ্য সরকার দিতে পারে। এমন ইঙ্গিত এদিন করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। এক পরিবারে পাঁচজন মহিলাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পারেন।
আদিবাদীদের একটি পরিবারে একজনের কার্ড থাকলেই অন্যরা সেই কার্ড বানাতে পারবেন। শুধু তাই নয়, অন্যান্য সুযোগ সুবিধার কথাও ভাবা হচ্ছে। ভোটের আগে এবার উত্তরবঙ্গের মানুষের মন জয় করতে চাইছেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও কেন্দ্রের বঞ্চনার কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। একশো দিনের কাজের টাকা পাওনা। আবাস যোজনার টাকাও পাওনা। এইসব দাবি নিয়ে মুখ্যমন্ত্রী যাচ্ছেন দিল্লি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। এবার আর বিজেপিকে বিশ্বাস না করতে বলেছেন তিনি।












Click it and Unblock the Notifications