রাজীবের যোগদান নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না খোদ মমতাও, এবার কীসের বার্তা
রাজীবের যোগদান নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না খোদ মমতাও, এবার কীসের বার্তা
শুভেন্দু অধিকারী হোন বা রাজীব বন্দ্যোপাধ্যায়- তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ব্লু আয়েড নেতা' হিসেবেই পরিচিত ছিলেন। ২০২১-এর মহাসংগ্রামের আগে তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর মুখ না খুললেও, রাজীবের যোগদান নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

নেত্রীর ছবি হাতে নিয়ে দল ছাড়ার সিদ্ধান্ত রাজীবের
রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে বেসুরো বাজছেন দীর্ঘ দু-মাসেরও বেশি সময় ধরে। নানা সময়ে দলকে অস্বস্তিতে ফেলে নানা কথা বলেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনওদিনও তিনি অসম্মান করেননি। তাঁর বিরুদ্ধে সে অর্থে মুখও খোলেননি। বরং বিধায়ক পদ ও দলের সদস্যপদ ছাড়ার দিনে তিনি নেত্রীর ছবি হাতে নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

রাজীবের বিজেপিতে যোগ নিয়ে মুখ খুলেছেন মমতা
রাজীব নেত্রীর ছবি নিয়ে দল ছেড়েছেন, দল ছাড়তে গিয়ে কেঁদে ফেলেছেন। তারপর অবশ্য তৃণমূলের তরফে এই ঘটনাকে ড্রামাবাজি বলে ব্যাখ্যা করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপিতে যোগ নিয়ে মুখ খুলেছেন। উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করে মমতা কটাক্ষ করেছেন বিজেপিকে।

বিজেপি দলে যোগ দেওয়ানোর জন্য চাটার্ড বিমান
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, করোনার সময়ে পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়ার টাকা পর্যন্ত দেয়নি কেন্দ্রের সরকার। কোনও ব্যবস্থাই করা হয়নি পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য। বাধ্য হয়ে পায়ে হেঁটে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে ফিরতে হয়েছে বাড়ি। অনেকের প্রাণ চলে গিয়েছে। আর এখন বিজেপি পরিযায়ী নেতাদের যোগদানের জন্য চাটার্ড বিমান পাঠাচ্ছে।

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বিমান পাঠিয়ে
রাজীব বন্দ্যোপাধ্যায়কে সম্প্রতি চাটার্ড বিমান পাঠিয়ে দিল্লিতে উড়িয়ে নিয়ে যাওয়া হয় যোগাদানের জন্য। রাজীবের সঙ্গে আরও দুই বিধায়ক প্রবীর ঘোষাল ও বৈশালী ডালমিয়া, প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও অভিনেতা রুদ্রনীল ঘোষকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। সেখানেই তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন।

বিজেপির বিলাসবহুল যোগদানকে কটাক্ষ মমতার
এদিন উত্তরবঙ্গ সফরে গিয়ে বিজেপির এই বিলাসবহুল যোগদানকে কটাক্ষ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কী সুন্দর, সাধারণ মানুষের বেলায় নেই নেতাকে যোগদান করাতে চাটার্ড বিমান পাঠাচ্ছে কেন্দ্রের শাসক। মমতা বলেন, একমাত্র তাঁরাই সাধারণ মানুষের পাশে থাকবে। দিদিও থাকবে, আপনারাও থাকবেন।

লোকসভায় গোহারা হেরেছি, এবার পুষিয়ে দেবেন তো
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেব আমরাই। সবাই নিশ্চিন্ত থাকুন, কেউ বঞ্চিত হবে না। আপনাদের জন্য স্বাস্থ্য থেকে শিক্ষা সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এরপরই মমতা বলেন, লোকসভায় আমরা গোহারা হেরেছি, এবার আপনারা পুষিয়ে দেবেন তো!












Click it and Unblock the Notifications