মালদহের হবিবপুর থানার আইসিকে এবার সরালো নির্বাচন কমিশন, কিন্তু কেন?
ভোটের আগে আরও একটি থানার আইসি বদল। রবিবার বেলায় মালদহ জেলার হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে বদল করা হল৷ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নির্দেশ এসেছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটের কাজে ওই পুলিশ অফিসারকে ব্যবহার করা যাবে না।
বাংলায় দুই দফায় ভোট হয়ে গিয়েছে। তৃতীয় দফার ভোট আগামী ৭ মে। মালদহ জেলাতেও তৃতীয় দফায় ভোট হবে৷ মালদহ উত্তর ও দক্ষিণ দুই কেন্দ্রে ভোট হবে। প্রস্তুতি তুঙ্গে। তার মধ্যেই হবিবপুর থানার আইসিকে বদল করার নির্দেশ এল।

কিন্তু হঠাৎ করে কেন এই বদল? কমিশন সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে হবিবপুর এলাকায় একটি গোলমাল হয়েছিল। আইসির দেবব্রত চক্রবর্তীর বিরুদ্ধে কমিশনে নালিশ জমা পড়েছিল। তার জেরেই এই পদক্ষেপ। এমন কথাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
তবে এই বিষয়কে মোটেও ভালো চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। সেই অভিযোগ পালটা করা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছ, আজ রবিবারই দুপুর তিনটের মধ্যে ওই পদের জন্য তিনটি নাম বাছাই করা হবে। নির্বাচন কমিশনের আঞ্চলিক দফতরে সেই নাম তিনটি আসবে। তার মধ্যে একটি নাম বাছাই করা হবে।
রাজ্যের একাধিক জায়গায় নির্বাচন কমিশন এভাবে পুলিশ আধিকারিকদের বদল করছে। শনিবার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার রানিতলার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাসকে সরানো হয়। কলকাতার আনন্দপুর ও ডায়মন্ড হারবার থানার ওসিকেও সরানো হয়েছিল। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এবার প্রথম থেকেই সরব তৃণমূল। এবার সেই অভিযোগ আরও বাড়ছে।












Click it and Unblock the Notifications