মালদহে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে 'গো ব্যাক' স্লোগান, কিন্তু কেন?
মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী একাধিকবার বিক্ষোভের সামনে পড়লেন। মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণ চলছে জেলায়। বিভিন্ন জায়গায় প্রার্থী হিসেবে তিনি গিয়েছেন। সেখানে তাঁকে বাধার মুখে পড়তে হয়। তাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ভোটকেন্দ্রের ভিতরে ঢুকে থাকার অভিযোগ করছে।
মঙ্গলবার দুপুরে শ্রীরূপা মিত্র চৌধুরীকে বিক্ষোভের মুখে পড়তে হল। 'গো ব্যাক' স্লোগান দেওয়া হল তাঁকে দেখে। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের ইংরেজবাজার পুরসভার ১৮ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে৷ ধীরেন সাহা স্কুলে ভোটগ্রহণ চলছিল।

ওই কেন্দ্রে পরিদর্শনে যান বিজেপি প্রার্থী। তখনই এই স্লোগান দেওয়া হয়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এই স্লোগান দেয়। পরে প্রার্থীকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। একাধিক জায়গাতেই তাঁকে দেখে বিক্ষোভ হয়েছে। তৃণমূল কংগ্রেস তাঁর বিরুদ্ধে অভিযোগ করছে। বিজেপি প্রার্থীও শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
সকালের দিকে অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী। একাধিক ভোট কেন্দ্রে ভিতরে রাজ্য পুলিশ থাকছে। তারা প্রভাবিত করছেন ভোটারদের। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের সভার পোস্টার লাগানো রয়েছে ভোট কেন্দ্রের আশেপাশে। এইসব ভোটের সময় করা যায় না। এই অভিযোগ করেছেন প্রার্থী। ভোটকেন্দ্রে ঢুকে এই বিষয়ে কথা বলেন প্রিজাইডিং অফিসারদের সঙ্গে।
তৃণমূলের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হয়েছে। তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী দাবি করছেন, দীর্ঘ সময় বিজেপি প্রার্থী ভোটকেন্দ্রের মধ্যে থাকছেন। যে সব ঘরে ভোট হচ্ছে, সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে প্রার্থীকে। এ কখনওই মেনে নেওয়া যায় না। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানানো হয়েছে।
মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে গতবারও প্রার্থী হয়েছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। গতবার তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। চার লক্ষের বেশি ভোট পেয়েছিলেন তিনি। এবার বিজেপি ওই আসন পেতে মরিয়া। অন্য দিকে তৃণমূল কংগ্রেসও এই আসন জিততে চায়। বিভিন্ন জায়গায় বিজেপি বনাম তৃণমূল অভিযোগের কথা সামনে আসছে।












Click it and Unblock the Notifications