Malda: তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূলই! ধৃত নরেন্দ্রনাথ তিওয়ারিকে ৬ বছরের জন্য বহিষ্কার দলের
Malda TMC Leader shot dead: মালদহে তৃণমূল নেতা খুনে গ্রেফতার তৃণমূলই। দীর্ঘ জেরার পর গ্রেফতার করা হয়েছে মালদহ শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে (Narendranath Tiwari Arrest)। তৃণমূল কাউন্সিলরকে (TMC Councilor) খুনের জন্য ৫০ লক্ষ টাকার সুপারি দেওয়া হয় বলে চাঞ্চল্যকর দাবি উঠে আসে। আর এবার, নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেফতার হতেই তাঁকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল।
জানা গিয়েছে, মালদহে তৃণমূল নেতা খুনে গ্রেফতারির পর বহিষ্কৃত হলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। পুলিশ সূত্রে খবর, জেরায় নাকি খুনের কথা কবুলও করেছেন তৃণমূলের শহর সভাপতি। ভাবমূর্তি নষ্ট না হতে দিতে তড়িঘড়ি তাঁকে দল থেকে সরিয়ে দিয়েছে রাজ্যের শাসকদল। মালদা টাউন তৃণমূলের সভাপতি ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের ঘটনায় বুধবারই গ্রেফতার হন নরেন্দ্রনাথ। আর এবার গ্রেফতারির পর নরেন্দ্রনাথকে ৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল।

মালদহে তৃণমূল কাউন্সিলরকে খুনে এখনও পর্যন্ত দুই শার্প শুটার-সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও দুই চক্রী রোহন রজক ও বাবলু যাদবের সন্ধানে এখনও তল্লাশি চালানো হচ্ছে। তাঁদেরকে ধরতে পারলে খুনের মোটিভ পরিষ্কার হবে বলে ধারণা পুলিশের। এদিকে প্রায় ২১ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা ইংরেজবাজারের শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে।
জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি মৃত দুলালেরই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। ২০২২ সালের পুরভোটে ইংরেজবাজার পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন ধৃত নরেন্দ্রনাথের স্ত্রী অঞ্জু তিওয়ারি। কিন্তু তাঁর বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে ভোটে হারানোর অভিযোগ ওঠে দুলাল সরকারের বিরুদ্ধে। পুলিশি জেরায় নরেন্দ্রনাথ ভেঙে পড়েন বলে খবর। রোহনের সঙ্গে নরেন্দ্রনাথের নিবিড় যোগাযোগ ছিল বলেও জানা গিয়েছে।
সূত্রের খবর, ব্যবসায়িক শত্রুতার জেরেই দুলালকে পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। একইসঙ্গে মালদহের কুখ্যাত দুষ্কৃতী স্বপন শর্মা নামে একজনকেও পুলিশ গ্রেফতার করেছে। এদিকে নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি সরকারের দাবি, ১ জন বা ২ জন মূল চক্রী নয়। আরও কিছু মাথা রয়েছে, যারা একসঙ্গে খুনের ষড়যন্ত্র করেছে। চোখরাঙানি দেওয়া হয়েছে বারবার। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সবকথা জানিয়ে পুলিশের হাতে সন্দেহভাজনদের তালিকা তুলে দেবেন বলেও জানান তিনি।












Click it and Unblock the Notifications