Loksabha vote 2024: শিলিগুড়িতে রাজনৈতিক সৌজন্যের নজির, বিজেপি বিধায়কের বাড়িতে তৃণমূল সভানেত্রী
রাজনৈতিক ভেদাভেদ ভুলে সৌজন্যতার ছবি দেখা গেল শহর শিলিগুড়িতে। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ, আর তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষকে একসঙ্গে বসে কথা বলতে দেখা গেলো। দুজন দুই বিপরীত মেরুর রাজনৈতিক দলের নেতা নেত্রী। কিন্তু যখন সৌজ্যতার প্রশ্ন ওঠে তখন রাজনীতি গৌণ হয়ে ধরা দেয়। মনুষ্যত্বটাই হয়ে ওঠে প্রধান।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের সম্প্রতি মাতৃবিয়োগ হয়েছে। কয়েকদিন আগে তার বাড়িতে এসে দেখা করে গেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শংকর ঘোষকে সমবেদনা জানিয়ে তার মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি। আজ সম্পুর্ন অন্য চিত্র দেখা গেলো।

শংকর ঘোষের বাড়িতে গিয়ে তাকে সমবেদনা জানাতে হাজির হলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ মানিক দে, সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিকাশ সরকার সহ আরো বেশ কিছু তৃণমূল কর্মী। এদিন শংকর ঘোষের বাড়িতে গিয়ে পাপিয়া ঘোষ তাকে সমবেদনা জানানোর পাশাপাশি তার মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পাপিয়া ঘোষ বলেন, কাজে ব্যস্ত থাকার জন্য এতদিন আসতে পারি নি। আমাদের প্রথম পরিচয় আমরা শিলিগুড়ির বাসিন্দা। রাজনীতির উর্ধে উঠে দিনের শেষে এই পরিচয়টাই প্রথম। শান্তনা দেবার ভাষা নেই। তার পাশে আমরা রয়েছি। এই কষ্ট থেকে বাইরে বেরিয়ে আসার জন্য ঈশ্বর তাদের শক্তি দিক।












Click it and Unblock the Notifications