দার্জিলিংয়ে বিজেপির পথ সুগম, কংগ্রেসের বিনয় তামাং বহিষ্কৃত রাজু বিস্তাকে জেতানোর ডাক দিয়ে
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে জেতানোর ডাক দিলেন বিনয় তামাং। তড়িঘড়ি তাঁকে বহিষ্কার করল কংগ্রেস।
এর আগে, বিমল গুরুংও বিজেপি প্রার্থীকে জেতানোর আহ্বান জানিয়েছিলেন। সেই তালিকায় বিনয়ের নাম যোগ হতেই তৃণমূল এবং কংগ্রেস বড় ধাক্কা খেল।

দার্জিলিং কেন্দ্রে বামফ্রন্ট কংগ্রেস প্রার্থীকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিনয় তামাং। এই লোকসভা কেন্দ্রে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিনয়ের নামও ছিল। যদিও শেষে বিনয় নন, মুনিশ তামাংকে প্রার্থী করে কংগ্রেস।
এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন বিনয়। ২৬ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট দার্জিলিং কেন্দ্রে। বিনয় কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারেও নামেননি। আজ তিনি ভিডিও বার্তা দিতেই পাহাড়ের রাজনীতি সরগরম। বিনয় বিজেপির দিকে ঝুঁকতেই পথ মসৃণ রাজু বিস্তার, মত রাজনৈতিক মহলের।
বিনয় ভিডিও বার্তায় বলেন, দার্জিলিং পাহাড়, শিলিগুড়ির সমতল, ডুয়ার্স ও গোর্খাদের ন্যায়ের জন্য, হিতের জন্য বিজেপি রাজু বিস্তাকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি। পাহাড়বাসী, সমতলবাসী, আমার সমর্থক, সহযোগী, বন্ধুবান্ধব, ভাই-বোন, আমার রাজনৈতিক যাত্রায় যাঁরাই সঙ্গ দিয়েছেন সকলকে জানাতে চাই, কেন্দ্রে ফের বিজেপি সরকার আসছে।
এমনকী ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জিতে বিজেপিই সরকার গড়বে বলে ভবিষ্যদ্বাণী বিনয়ের। তিনি বলেন, পাহাড়ে ভ্রষ্টাচার, স্বজনপোষণ খতম করতে হবে। পাহাড়, সমতল, ডুয়ার্সের মানুষ যে রাজনৈতিক ও সাংবিধানিক ন্যায়ের কথা বলছেন, তাঁদের প্রত্যাশা বিজেপিই পূরণ করবে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগেও ফের ইস্যু গোর্খাল্যান্ড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দার্জিলিংয়ে জনসভায় ফোনে বক্তৃতা দেওয়ার সময় গোর্খাল্যান্ডের নাম না নিলেও পাহাড়বাসীর দাবিগুলি যে ন্যায়সঙ্গত, সে কথা বলেছিলেন। তারপরই বিনয়ের অবস্থান বদল।
তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছে গোপাল লামাকে। কিন্তু বিমলের পর বিনয়ের বিজেপির প্রতি ঝোঁকা গেরুয়া শিবিরে স্বস্তি এনে দিল অনেকটাই। এদিকে, প্রদেশ কংগ্রেস প্রেস বিবৃতিতে জানিয়েছে, দলবিরোধী কাজের জন্য বিনয় তামাংকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হলো।












Click it and Unblock the Notifications