'ইন্ডিয়া' জোটকে সমর্থন হামরো পার্টির! পাহাড়ে নয়া রাজনৈতিক সমীকরণ, আশার আলো দেখছে কংগ্রেস
Lok Sabha Election 2024: কংগ্রেসে যোগদান করছেন না, তবে সমর্থন করছেন ইন্ডিয়া জোটকে। লোকসভা নির্বাচনের মুখে এমনটাই জানালেন পাহাড়ের হামরো পার্টির (Hamro Party) সভাপতি অজয় এডওয়ার্ড। এভাবে তাঁর সম্মান জানানোর জন্য 'ইন্ডিয়া' জোটকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। দিল্লি থেকে বাগডোগরা ফিরে অজয় এডওয়ার্ড স্পষ্ট জানিয়েছেন যে তিনি তথা হামরো পার্টি কংগ্রেসের হাত ধরেনি।
তবে তাদের মতো একটি ছোট দলকে যেভাবে ইন্ডিয়া জোটে সামিল করা হয়েছে, তাতে খুশি অজয় এডওয়ার্ড (Ajoy Edward) । এমনকী নয়া এই সমীকরণে পাহাড়ের বাসিন্দারাও খুশি হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে পাহাড়ের কংগ্রেস নেতা বিনয় তামাংকে সম্মান জানিয়ে অজয় জানান তাঁর 'হামরো পার্টি' বিজেপি এবং তৃণমূল থেকে সমান দূরত্ব বজায় রেখে চলবে।

গত ১৫ বছরে বিজেপি পাহাড়ে কোনও উন্নয়ন করেনি বলেই অভিযোগ। এই কথাটাই হামরো পার্টি বারবার বলে আসছে। সুভাষ ঘিসিং-এর দেখানো পথে তাঁরা এগিয়ে যাবেন বলে জানিয়েছেন অজয়। ষষ্ঠ তফশীল যাতে পাহাড়ে চালু করা যায় সে বিষয়ে ইন্ডিয়া জোটের নেতাদের তাঁরা বোঝাতে পেরেছেন বলেও দাবি করেছেন এদিন।
দিল্লিতে থাকাকালীন ইন্ডিয়া জোটের আহ্বায়ক মল্লিকার্জুন খাড়গে, পি চিদম্বরমের মতো কংগ্রেসের তাবড় নেতাদের সঙ্গে তাদের কথা হয়েছে। ইন্ডিয়া জোটে সমর্থন নিয়ে বিমল গুরুং-এর সঙ্গে কথা হলেও আসন্ন লোকসভা নির্বাচনে তারা কাকে সমর্থন করবে তা এখনও পরিষ্কার নয়। তবে বিজেপি ও তৃণমূলকে সমর্থন না করে এবার কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করছেন বলে পরিষ্কার জানিয়েছেন অজয়।
বাংলায় পাহাড় বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি। সেখানে হামরো পার্টির সমর্থন থাকলে কংগ্রেস খেলা ঘোরাতে পারবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তাই ইন্ডিয়া জোটের এই পাশে থাকার বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, দার্জিলিং-এ ২০০৯ সাল থেকে জিতছে বিজেপি। এবার সেখানে রাজু বিস্তাকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে, হামরো পার্টির উত্থান সদ্য হলেও তাদের অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। তাই এই দলকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে জাতীয় দলগুলি।












Click it and Unblock the Notifications