Modi In Siliguri: চাওয়ালা মোদীর মুখে মিনি ভারত, 'ভাতিজা' শ্লেষ! লোকসভার জয়েই তৃণমূলকে হঠানোর দরজা খোলার ডাক

Modi In Siliguri: লোকসভা নির্বাচনে বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশের আহ্বান জানিয়েছেন আগেই। এবার উত্তরবঙ্গের সব আসনে বিজেপিকে জিতিয়ে তৃণমূল সরকারকে রাজ্য থেকে উৎখাতের ডাক নরেন্দ্র মোদীর।

কাওয়াখালির জনসভায় পৌঁছতে কিছুটা দেরি হয়েছিল। এখান থেকে যাবেন কাশী। ফলে উন্নয়নের খতিয়ানও খুব সংক্ষেপে দিলেন নরেন্দ্র মোদী। উঠে এলো চাওয়ালার কথা। তৃণমূলকে ভাতিজা বা ভাইপো কটাক্ষেও বিঁধলেন।

Modi In Siliguri

মোদীর ভাষণে এদিনও ছিল মহিলাদের মন জয়ের চেষ্টা। গুরুত্ব পেলেন গোর্খারা, তবে গোর্খাল্যান্ড ইস্যুতে সুনিশ্চিত কোনও ঘোষণা এলো না। চা বাগানে কর্মরতদের পরিবারের উদ্দেশে নিজের চাওয়ালা পরিচয় স্মরণ করিয়ে প্রণামও জানালেন প্রধানমন্ত্রী। তবে বিরোধীদের প্রতি খুব ঝাঁঝালো ছিলেন না মোদী।

সন্দেশখালির দলিত, তফশিলি জাতি ও উপজাতিদের উপর তৃণমূলের দুষ্কৃতীদের প্রসঙ্গ উঠে আসে মোদীর বক্তব্যে। বামফ্রন্ট সরকারই হোক, কিংবা তৃণমূল সরকার, উত্তরবঙ্গ সব সময়ই যে বঞ্চিত ও অবহেলিত থেকেছে, তা জোর গলায় দাবি করলেন নরেন্দ্র মোদী।

মোদী বলেন, করোনায় গরিব মানুষ অসুবিধার মধ্যে পড়েছিলেন বলে বিনামূল্যে রেশন চালু করেছিলাম। পরে পাঁচ বছরের জন্য সেই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। কিন্তু এ রাজ্যে সেখানেও ঘোটালা। রেশন দুর্নীতির জেরে মন্ত্রী জেলে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকাও তৃণমূলের বাছাই দুষ্কৃতীদের হাতে তুলে দেওয়া হয় বলে দাবি মোদীর।

প্রধানমন্ত্রী বলেন, এদিন পূর্বনির্ধারিত না থাকলেও ১২ কিলোমিটার রোড শো করতে হয়েছে। এই মাঠে অনেকবার এসেছি। এখানে এত বৈচিত্র্য দেখতে পাই, তা কম জায়গাতেই দেখা যায়। এখানে মিনি ভারতের উপলব্ধি হয়। আমি মা-বোনেদের ছোট ছোট বিষয়ের জন্য সংঘর্ষ করতে দেখেছি।

মোদীর দাবি, মহিলাদের কথা ভেবেই শৌচালয়, বিনামূল্যে বিদ্যুৎ, উজ্জ্বলা গ্যাস, নলবাহিত পানীয় জল, গর্ভাবস্থায় আর্থিক সহযোগিতা, ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলার বন্দোবস্ত করায় জোর দিয়েছে সরকার। অথচ বাংলায় গরিব-বিরোধী তৃণমূল সরকার ১৪ লক্ষের বেশি গ্যাস সংযোগ দিতে দিচ্ছে না।

গ্যাস সিলিন্ডারের দামও ১০০ টাকা কমানো হয়েছে নারী দিবসে। মোদী এদিন টিএমসিকে দলিত, আদিবাসী, ওবিসি, মহিলা-বিরোধী বলে তোপ দাগেন। আয়ুষ্মান ভারত প্রকল্প তৃণমূল সরকার চালু করতে দিচ্ছে না বলেও জানান মোদী। সন্দেশখালিতে মহিলাদের সঙ্গে টিএমসি নেতারা যা করেছে, তার চর্চা গোটা দেশে হচ্ছে।

মহিলাদের উপর অত্যাচার ও গরিবদের উপার্জন লুঠই তৃণমূলের তোলাবাজদের কাজ বলে উল্লেখ করেন মোদী। উত্তরবঙ্গে তৃণমূল, কংগ্রেস ও বামেরা বৈষম্য তৈরি করেছে। উন্নয়ন করতে দেয়নি। জমি দখলের চেষ্টা হয়েছে। রাম মন্দির থেকে কাশ্মীরে ৩৭০ ধারা রদের কথাও উঠে এসেছে মোদীর বক্তব্যে।

মোদীর ভাষণে উঠে এসেছে পরিবারবাদের কথা। টিএমসি, কংগ্রেস, বামেদের বিঁধে তিনি বলেন, টিএমসির ভাতিজাকে নিয়ে। কংগ্রেসের শাহী পরিবারের ছেলে-মেয়েকে এগিয়ে যাওয়া নিয়ে। আর বামেরা এই দুই দলের সঙ্গেই তালমিল করে নিজেদের গাড়ি এগিয়ে নিয়ে যেতে।

এরপরই মোদী বলেন, ইন্ডিয়া জোটের আপনাদের সন্তানদের নিয়ে কোনও ভাবনা নেই। আপনাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য মোদী আছে, বিজেপি আছে, এনডিএ জোট আছে। উত্তরবঙ্গের সব লোকসভা আসনে, সব বুথে পদ্ম ফোটাতে হবে। লোকসভা নির্বাচনের ফলের মাধ্যমেই তৃণমূল সরকার উৎখাতের দরজা খোলার ডাক দেন মোদী।

কৃষকদের কল্যাণে অগ্রাধিকার দিয়ে চলে কেন্দ্র, জানাতে ভোলেননি মোদী। তিনি বলেন, পাটচাষিদের জন্য কেন্দ্রীয় সরকার সহায়ক মূল্য প্রতি কুইন্টালে ২৮৫ টাকা বাড়িয়েছে। এতে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের কয়েক লক্ষ চাষি উপকৃত হবেন। ১০ বছর আগে পাটের এমএসপি ছিল ২৪০০ টাকা, তা দ্বিগুণের বেশি বেড়ে বর্তমানে ৫৩০০ টাকা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+