Lok Sabha Election 2024: পাহাড় অস্বস্তি বিজেপির! দার্জিলিংয়ে রাজু বিস্তের বিরুদ্ধেই প্রার্থী 'বিদ্রোহী' বিধায়ক
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের আগে পাহাড় অস্বস্তি বিজেপির! দার্জিলিং লোকসভা কেন্দ্রে (Darjeeling) নির্দল হিসাবে মনোনয়ন জমা দিলেন কার্শিয়াং-য়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা (Bishnu Prasad Sharma) । গত কয়েকদিন আগেই আলাদা রাজ্যর দাবি সহ একাধিক ইস্যুতে নিজের দলের বিরুদ্ধেই মুখ খোলেন তিনি।
এমনকি বহিরাগত প্রার্থী হলে নিজেই নির্দল হয়ে মনোনয়ন জমা দেবেন বলেও হুঁশিয়ারি দেন (Bishnu Prasad Sharma) । আর এরপরেই আজ শনিবার জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা করলেন কার্শিয়াং-য়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। খোদ দলের বিধায়কের এহেন পদক্ষেপ ঘিরে প্রবল অস্বস্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্ব।

যদিও কার্শিয়াংয়ের বিধায়ককে দলের নীতি আদর্শকে মনে করিয়ে মনোনয়ন প্রত্যাহার করার আর্জি জানিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। কিন্তু বিষ্ণু প্রসাদ শর্মা তাঁর সিদ্ধান্তে অটল। ভোট যত এগিয়ে আসতে শুরু করেছে ততই দার্জিলিং-লোকসভা কেন্দ্রকে নিয়ে চড়ছে পারদ। জেলায় গেরুয়া শিবির থেকে একের পর সমর্থন হাতছাড়া হতে শুরু করেছে।
এই কেন্দ্রে পাহাড়ের ভোট একটা বড় বিষয়। পাহাড়ের আঞ্চলিক দলের দুই বড় মাপের নেতা বিনয় তামাং ও অজয় এডওয়ার্ডদের সমর্থন কংগ্রেসের দিকে। অনিত থাপার বরাবর সমর্থন রয়েছে তৃণমূলে। বাকি বিমল গুরুং তার সমর্থন কোনদিকে সে বিষয়ে স্পষ্ট করে এখনও জানাননি।
এদিকে কার্শিয়াংএর বিজেপি বিধায়ক এই কেন্দ্রের প্রার্থী ভূমিপুত্র কেন নয় এই প্রশ্ন তুলে বেঁকে বসেছেন। নিজেই নির্দল প্রার্থী হয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। বিষ্ণু প্রসাদ শর্মার এভাবে হঠাৎ দলের বিরুদ্ধে যাওয়ায় হতাশ বিজেপি মহল।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ জানান, গতবার দার্জিলিং জেলায় রাজু বিস্তা সাংসদ হন। তারপর থেকে পাঁচ বছর তিনি এই জেলার জন্য ভালো কাজ করেছেন। পার্লামেন্টের বাইরে এমনকি পার্লামেন্টের ভিতরেও রাজু বিস্তা পাহাড় ও সমতলবাসীদের দাবিগুলি তুলে ধরেছেন। তার কাজ দেখে এবারও তাকে দল এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন।
তাই দলের নীতি আদর্শকে আরও একবার কার্শিয়াংয়ের বিধায়ককে মনে করিয়ে দিয়ে শংকর ঘোষ বিষ্ণু প্রসাদ শর্মাকে মনোনয়ন প্রত্যাহার করার আর্জি জানান। যদিও বিষ্ণু প্রসাদ শর্মা তার সিদ্ধান্ত বদলাতে নারাজ। পাহাড়ের দাবিকে সামনে রেখে বিজেপির প্রার্থী রাজু বিস্তের বিরুদ্ধে লড়াই করবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলেরই বিধায়ক।












Click it and Unblock the Notifications