কালিয়াগঞ্জের ঘটনায় মমতার ইস্তফা দাবি লকেটের! চরম হুঁশিয়ারি সিডিউল কাস্ট কমিশনের
কালিয়াগঞ্জের ঘটনা ঘিরে একেবারে উত্তাল রাজ্য-রাজনীতি! এই ঘটনা নিয়ে সংঘাতে জড়িয়েছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে জাতীয় শিশুসুরক্ষা কমিশন। আর এর মধ্যেই রাজ্যের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন লকেট চট্টোপাধ্যায়।
আজ রবিবার বাঁকুড়া সফরে গিয়েছেন বিজেপি নেত্রী তথা হুগলির সাংসদ। সেখানে বিশেষ একটি বৈঠকে যোগ দেন তিনি। আর সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নে লকেট চট্টোপাধ্যায় বলেন, কালিয়াগঞ্জের ঘটনা 'ধামাচাপা দিতে চাইছে রাজ্য সরকার'।

অবিলম্বে এই ঘটনা সিবিআই তদন্তকে দেওয়া উচিত বলে মন্তব্য করেন। একই সঙ্গে রাজ্য পুলিশ ও রাজ্য মহিলা ও শিশু সুরক্ষা কমিশনের কঠোর সমালোচনা করেন সাংসদ লকেট। শুধু তাই নয়, কালিয়াগঞ্জ-কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী কেন চুপ? অবিলম্বে এই বিষয়ে বিবৃতি দেওয়ারও দাবি করেন হুগলির সাংসদ।
আর তা না দিলে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য তাঁর। অন্যদিকে, ঘটনার কয়েকদিন কেটে গিয়েছে। এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। আর তাতে রাজ্য পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই বিষয়টিকে তুলে ধরেই তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ভাইস চেয়ারম্যান ফর ন্যাশনাল সিডিউল কাস্ট কমিশনের অরুণ হালদার।
তাঁর প্রশ্ন, কয়েকদিন কেটে গেলেও কালিয়াগঞ্জ থানার আইও এবং জেলার পুলিশ সুপার ও জেলাশাসক এখনো পর্যন্ত কেন ঘটনাস্থলে এলেন না? আজ রবিবার কালিয়াগঞ্জের সহেবঘটার গঙ্গোয়াতে এসে নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেন অরুণ হালদার। এমনকি যেখানে মৃত কিশোরীর দেহ পাওয়া যায় সেখানে গিয়ে সরজমিনে খতিয়ে দেখেন গোটা পরিস্থিতি।
আর এরপরেই সাংবাদিক সম্মেলনে গোটা বিষয়টি নিয়ে আশ্চর্য হয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন। কেন এখনও জেলার পুলিশ সুপার, জেলাশাসক ঘটনাস্থলে এসে পরিবারের সঙ্গে কথা বললেন না তা নিয়েও প্রশ্ন তোলেন ন্যাশনাল সিডিউল কাস্ট কমিশনের ওই আধিকারিক।
আর এরপরেই অরুণবাবুর হুঁশিয়ারি আগামী তিনদিনের মধ্যে পুলিশ সুপার, জেলাশাসক দিল্লিতে তলব করা হবে। এরপরেও যদি তাঁরা দিল্লিতে না আসেন তাহলে সমন পাঠিয়ে গ্রেফতার করবেন বলেও হুঁশিয়ারি। শুধু তাই নয়, এই ঘটনার পুরো রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে পেশ করবেন বলেও জানিয়েছেন অরুণ হালদার। অন্যদিকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় শিশু কমিশনও।
এমনকি ঘটনায় নড়েচড়ে বসেছে জাতীয় মহিলা কমিশনও। রাজ্য পুলিশের ডিজিকে ব্যবস্থা নিতে নির্দেশ কমিশনের। তিনদিনের মধ্যে নিতে হবে নির্দেশ।












Click it and Unblock the Notifications