সিংহ দম্পতি আকবর সীতার নাম নিয়ে মামলা বিশ্ব হিন্দু পরিষদের, রাজনৈতিক চাপানউতোড়
কথায় আছে, নামে কী বা আসে যায়! কিন্তু এই সময়ে যেন নাম পরিচয়ের এক অন্য সোপান। সে মানুষই হোক বা সিংহ - সিংহী৷ কলি যুগে সকলকেই নামের দিকে জোর দিতে হবে। আর সেই নাম নিয়েই এবার আদালতে মামলা।
অতি সম্প্রতি শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এক জোড়া সিংহ দম্পতি এসেছে। ত্রিপুরা থেকে তাদের নিয়ে আসা হয়েছে। সাফারি পার্কের কর্মীদের আনন্দেরও সীমা নেই৷ তাদের নামও রাখা হয়ে গিয়েছে। সিংহীর নাম রাখা হয়েছে সীতা। আর সিংহের আকবর।

আর এই নাম নিয়েই এখন যত ঝামেলা। বিশ্ব হিন্দু পরিষদ এই আকবর ও সীতা নাম মেনে নিতে পারেনি। প্রতিবাদ চলছে। সিংহ দম্পতির নাম অবিলম্বে বদল করতে হবে। এই দাবিও তোলা হয়৷ এবার এই গেল আদালতে। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রাজ্যের বিরুদ্ধে এই মামলা দায়ের হয়েছে।
আগামী ২০ তারিখ এই মামলার শুনানি আছে। গত ৮ ফেব্রুয়ারি এই মামলার পিটিশন জমা পড়ে বলে খবর। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলা উঠছে বলে জানা গিয়েছে। সীতা নামের সঙ্গে সনাতন ধর্মের আবেগ জড়িয়ে আছে। সিংহীর নাম সীতা রাখা হয়েছে। তাই নিয়েই তীব্র আপত্তি বিশ্ব হিন্দু পরিষদের৷
ত্রিপুরা থেকে এই সিংহ দম্পতিকে আনা হয়েছে। তখন কাগজপত্রে লেখা ছিল প্যান্থেরা লায়ন মেইল ও ফিমেল। শিলিগুড়িতে তাদের আনার পর নতুন নাম রাখা হল। সিংহীর নাম দেওয়া হয় সীতা। আর সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত।
রামায়ণ, সনাতন ধর্মের সঙ্গে সম্পৃক্ত সীতা। সনাতন ধর্মাবলম্বীদের আবেগঘন বিষয় এটি৷ একটি পশুর নাম রাখা হয়েছে সীতা৷ এটা কখনওই মেনে নেওয়া যায় না। সেই কারণে বিশ্ব হিন্দু পরিষদ তীব্রভাবে এর বিরোধিতা করছে। নাম বদলের জোরালো দাবি করা হচ্ছে।
রাজ্যের বর্তমান বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বিশ্ব হিন্দু পরিষদের এই বক্তব্য মানতে নারাজ। ন্যক্কারজনক রাজনীতি করা হচ্ছে বলে মন্ত্রীর মত। ত্রিপুরার চিড়িয়াখানায় এই নামকরণ হয়েছে বলে তিনি জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিংহ দম্পতির নতুন নাম দেবেন। এমনই জানিয়েছেন মন্ত্রী বীরবাহা হাঁসদা৷
যাদের নাম নিয়ে এত গণ্ডগোল, তারা কোথায়? জানা গিয়েছে, শিলিগুড়িতে এসে তারা মোটামুটি ঠিকই আছে। দুজনকে আপাতত আলাদা এনক্লোজারে রাখা হয়েছে। নতুন জায়গায় তাদের ধাতস্থ করা, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার কাজ চলছে৷
আকবরের বয়স প্রায় আট বছর। আর সীতার বয়স ছয় বছর চলছে।












Click it and Unblock the Notifications