উত্তরবঙ্গে অসুস্থ হয়ে হাসপাতালে অনশনকারী জুনিয়র ডাক্তার সৌভিক বন্দ্যোপাধ্যায়
অনশনকারী আরও এক জুনিয়র ডাক্তার হাসপাতালে ভর্তি হলেন৷ উত্তরবঙ্গে অনশনকারী জুনিয়র চিকিৎসক সৌভিক বন্দ্যোপাধ্যায় হাসপাতালেন ভর্তি হলেন। সোমবার সকাল থেকেই তাঁর রক্তচাপ ওঠানামা করছিল। বেলা বাড়তে শারীরিক অবস্থার আরও অবনতি হয়৷ আর তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর আগে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক অলোক বর্মা অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁকেও হাসপাতালে স্থানান্তরিত করতে হয়। তাঁর চিকিৎসা চলছে। এবার অসুস্থ হলেন সৌভিক। তবে অনশন আন্দোলন থেমে যায়নি। নতুন করে দুই জুনিয়র চিকিৎসক অনশন কর্মসূচিতে সামিল হয়েছেন।

১০ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা অনশন আন্দোলন করছেন। কলকাতায় ধর্মতলায় অনশন মঞ্চে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন। সেখানে অনশন চলাকালীন অনিকেত মাহাতো অসুস্থ হয়ে ভর্তি হন। এরপর অসুস্থ হন জুনিয়র চিকিৎসক অনুষ্টুপ মুখোপাধ্যায়। উত্তরবঙ্গের জুনিয়র চিকিৎসক অলোক বর্মা এরপর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল কলকাতার মঞ্চে অসুস্থ হন পুলস্ত্য আচার্য।
অনশনকারীরা একে একে অসুস্থ হচ্ছেন।আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জুনিয়র চিকিৎসকরা আবার অনশনে বসছেন। ১০ দিনে পড়েছে এই অনশন আন্দোলন। রাজ্য সরকারের তরফ থেকে কোনও স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে না। এই অবস্থায় আন্দোলনের তেজ আরও বাড়াতে মরিয়া জুনিয়র চিকিৎসকরা।
সৌভিক বন্দ্যোপাধ্যায় ও অলোক বর্মা উত্তরবঙ্গ হাসপাতালে অনশন শুরু করেছিলেন। অলোক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তখনও সৌভিক অনশন চালিয়েছেন। প্রায় ১৯৩ ঘন্টা তিনি অনশন চালিয়েছেন। সোমবার সকাল থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকরা সেখানেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর হাসপাতালে পাঠানো হয় তাঁকে।












Click it and Unblock the Notifications